দেশের শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং একটি কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে “Child and Adolescent Mental Health (CAMH) Service Action Plan Dissemination Workshop” শীর্ষক এই কর্মসূচি সম্পন্ন হয়। আজকের কর্মসূচিটি CAMHSAN (শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক) কর্মপরিকল্পনার অংশ ছিল। CAMHSAN হলো দক্ষিণ এশিয়ার ৮টি দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক নেটওয়ার্ক, যা ২০২৩ সালে ইউনিসেফ (UNICEF)-এর সহায়তায় যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য হলো এই অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে বৈজ্ঞানিক গবেষণা, সঠিক নীতিমালা প্রণয়ন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কার্যকর সমাধান নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দিন কাউসার বিপ্লব।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, “এই ধরনের কর্মশালা ও এর আউটপুট আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে”। গবেষনাধর্মী যেকোনো কার্যক্রমকেই অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
কর্মশালায় শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য সেবার বর্তমান চিত্র ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সদস্য সচিব অধ্যাপক ডা. নিজাম উদ্দিন এবং বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান সহ অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সদস্য সচিব অধ্যাপক ডা. নিজাম উদ্দিন বলেন, Child & Adolescent Mental Health (CAMH) এর উপর আজকের এই কর্মশালা প্রশংসার দাবিদার কারণ সুষ্ঠু CAMH এর অভাবে অনেকক্ষেত্রে বহুবিধ সামাজিকও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ হয়ে দেখা দেয়।আজকের এই কর্মশালার কর্মপরিকল্পনা যদি বাস্তবায়িত করা যায় তবে ভবিষ্যতে একটি বিবেকবান জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। আর আমরা আমাদের উত্তরসূরীদের জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র রেখে যেতে পারবো।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের মনোরোগ বিশেষজ্ঞ, গবেষক, সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মপরিকল্পনার দ্রুত ও যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দিন কাউসার বিপ্লব আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর ও সুস্থ মানসিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
আরও দেখুন-

