প্রশ্ন: আসসালামু আলাইকুম আমার বয়স ১৯। আমি উঁচু জায়গায় উঠলে ভয় পাই। কোনো উঁচু জায়গায় উঠলে আমার পা অটোমেটিক কাঁপতে শুরু করে। আমি আমার এই সমস্যা কাটিয়ে উঠার জন্য নিজেকে অনেক বুঝিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমি কীভাবে এই সমস্যা কাটিয়ে উঠবো বুঝতে পারছি না। আশেপাশের সবাই আমার এই বিষয় নিয়ে অনেক হাসি-ঠাট্টা করে। এখন আমি এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কী করতে পারি?
পরামর্শ: ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আপনার এটি অসুখ নাকি কোনো সমস্যা। এটি জানার জন্য আমার আরও কিছু জানার দরকার ছিল। যেমন আপনি উঁচু বলতে কী বোঝাচ্ছেন? যেমন দুই তলা, তিন তলার উপরে? নাকি আরও উপরে? আপনি উঁচু বলতে কী বোঝাচ্ছেন সেটা আগে আমাদের বোঝা দরকার এবং কতদিন থেকে আপনার এই সমস্যাটি হচ্ছে সেটাও জানা অনেক জরুরি। উঁচুতে উঠার ভয়ের সাথে সাথে আরও কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা এটাও জানা অনেক জরুরি। এটাও জানা দরকার ছিল যে, হঠাৎ করেই কি আপনার উঁচুতে উঠার ভয় শুরু হলো, নাকি এর পেছনে কোনো ঘটনা আছে। আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে এই সকল উত্তরগুলো খুবই দরকার ডায়াগনোসিসের জন্য। আপনার এই সমস্যার জন্য আমি আপনাকে পরামর্শ দেবো যে, আপনি যত দ্রুত সম্ভব একজন মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসা শুরু করতে পারেন সেটা খুবই ভালো। আপাতত আপনি যেভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন সেটা করতে থাকেন, তার সাথে আপনি খেয়াল করেন যে, আপনার এই উঁচুতে উঠার ভয়টা কতক্ষণ থাকে, কোথায় গেলে বেশি হয়, কীভাবে হয়। এরই সাথে লক্ষ রাখুন কোনো শারীরিক উপসর্গ হয় কিনা, যেমন-ঘাম হচ্ছে ভয়ের সাথে সাথে, বুক ধড়ফড় করছে, আবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া আপনি একটু রিল্যাক্সেশন করতে পারেন। আপনি যখন উঁচুতে উঠছেন তখন মনে মনে নিজেকে বোঝাতে পারেন যে এটা কোনো বিষয় না। এবং অবশ্যই অতি দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ
মনোরোগবিদ্যা বিভাগ,বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।



