দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়ান সোসাইটি ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড প্রফেশনস (ASCAPAP) কংগ্রেস ২০২৬-এ ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নাহিদ মাহজাবিন মোরশেদ। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে তার এই প্রাপ্তি দেশের চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এক অনন্য গৌরব বয়ে এনেছে।
এবারের কংগ্রেসে বাংলাদেশ থেকে প্রায় ৩০ জন মনোরোগ বিশেষজ্ঞের একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই মঞ্চে বৈজ্ঞানিক প্রবন্ধ ও গবেষণা উপস্থাপনের মাধ্যমে দেশের চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ তুলে ধরেন বাংলাদেশের ৫ জন বিশেষজ্ঞ। তারা হলেন— অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, ডা. সিফাত-ই-সাইদ, ডা. জেবুন্নাহার এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহীদ।
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ কংগ্রেসে তার গবেষণাপত্রটি ‘ই-পোস্টার’ হিসেবে উপস্থাপন করেন এবং একটি গুরুত্বপূর্ণ পোস্টার সেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন। সমাপনী অনুষ্ঠানের আগেই তাকে সিউল ত্যাগ করতে হওয়ায় তিনি সশরীরে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। তার গবেষণার বিষয় ছিল— “Demographic and clinical profile of ADHD patients: A retrospective review of decade of specialized clinical services in Bangladesh”। বাংলাদেশে গত এক দশকে এডিএইচডি (ADHD) রোগীদের চিকিৎসা সেবার একটি বিশেষ পর্যালোচনা এই পোস্টারে উঠে এসেছে।
বিশেষজ্ঞদের এই অংশগ্রহণ এবং অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ব দরবারে বাংলাদেশের শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য গবেষণার মানকে আরও সুসংহত করল।


