জুলাই সংখ্যা ২০২৬ এর আসক্তি পর্ব থেকে মনোসামাজিক বিশ্লেষনের কমেন্ট ।
নাফিয়ান নাফসিন শরীফ
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি
আসক্তি ঠেকানোর সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব পরিবারের উপরই বর্তায় বলে আমি মনে করি। কারণ, আসক্ত মানুষের মধ্যে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর সংখ্যাটাই সবচেয়ে বেশি। পারিবারিক অশান্তি ও পারিবারিক চাপ এ দুটিই অনেক সময় একজন মানুষকে এই পথে ঠেলে দেয়। তাই চিকিৎসার চেয়েও এই সমস্যা প্রতিরোধ করা বেশি জরুরি। আর এখানে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে, সেদিকে খেয়াল রাখা জরুরি। তবে সন্তানকে অতিরিক্ত ছাড় দেওয়া বা অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক নয়। একই সঙ্গে পরিবারের পরিবেশ শান্তিপূর্ণ হওয়া উচিত, যাতে সন্তান কোনো সমস্যায় পড়লে পরিবারের সঙ্গে তা সহজেই ভাগ করে নিতে পারে। অন্যদিকে, রাষ্ট্রেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাদকদ্রব্যের সহজলভ্যতা বন্ধ করা এবং এর সরবরাহ ও বিতরণের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।

