একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা
‘আমি বুঝি না মানুষজন কীভাবে এইসব সস্তা জায়গা থেকে শপিং করে, গাউছিয়া, নিউমার্কেট ইত্যাদি’-সোশ্যাল মিডিয়ায় পরীর এই কথাগুলো শাম্মির সঙ্গে মিলে যায়। শাম্মির আসল নাম শারমিন আকতার কিন্তু বয়ফ্রেন্ড তাকে শাম্মি নামেই ডাকে। শাম্মি আর শারমিনের মধ্যে অনেক পার্থক্য। গাড়ির কাচ দিয়ে গাউছিয়ায় মেয়েদের জটলা জটলা দেখতে দেখতে ভাবে এই ভিড়ে একদিন সে-ও ছিল। কিন্তু কীভাবে? সে কথা এখন আর তার মনে আসে না, গত এক বছরে সে ভুলে গেছে।
বসুন্ধরা, যমুনা এসবেও তার যাওয়া হয়ে ওঠে না। তার বয়ফ্রেন্ড পছন্দ করে না। ট্যুরে গেলে এত এত গিফট নিয়ে আসে যে মার্কেটে যাওয়ার দরকার হয় না। অনেক কেয়ারিং। অ-নেক। বলে ‘বে-ই-বি তোমার কিচ্ছু করতে হবে না। শুধু পড়াশুনা করবে।’ আর খুব জেলাসও। ভার্সিটিতে কারো সঙ্গে মিশতে দিতে চায় না। কোথাও গেলে দূর থেকে কেউ একজন ফলো করে। প্রাইভেট ডিটেকটিভ। বয়ফ্রেন্ড বলেছে লোকটা নাকি ওর বডিগার্ড। ওদের ফ্যামিলির সবার জন্যই নাকি এরকম বডিগার্ডের ব্যবস্থা আছে। একদম সিনেমার মতো।
এটাকেই বলে ভাগ্য। ভার্সিটির টিউশন ফি দেওয়ারই সামর্থ্য ছিলনা শাম্মির। ইভেন্ট ম্যনেজমেন্টের কাজ পাইয়ে দেবে বলে এক ক্লাসমেট নিয়ে গিয়েছিল ভার্সিটিরই এক সিনিয়র ভাইয়ের কাছে। সেখান থেকেই শাম্মির পথ চলা শুরু। দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের কী একটা ফোরামের প্রোগ্রামের দায়িত্ব নিয়েছিলেন ঐ সিনিয়র ভাই। বললেন তোমাদের কাজ গেস্টদের সময় দেওয়া। কাজটা চ্যালেঞ্জিংই ছিল।
শাম্মি পেরেছিলও ভালো। তার সৌন্দর্য, স্মার্টনেস কাজে দিয়েছিল সেদিন। তার আচরণে বোঝার কোনো উপায় ছিল না যে তার বাবা গ্রামের বাজারের একজন সামান্য চায়ের দোকানদার। তার প্রশংসা করায় আনন্দের ঝিলিক বান বিধেছিল তার আজকের বয়ফ্রেন্ডের বুকে। খুব অল্প দিনের ব্যবধানে জানা গেল লোকটার টাকার অভাব নেই, বাবা বড়ো ব্যবসায়ী, ইন্ডাস্ট্রি আছে তাদের। কিন্তু টাকায়ই সব সুখ আসে না। বাবা মায়ের পছন্দ করা মেয়ে তাকে (বয়ফ্রেন্ডকে) পছন্দ করেনি। কষ্ট আর কষ্ট। সেইসব কষ্ট মুহূর্তে শেষ হয়ে গেল শাম্মির সঙ্গ পেয়ে। শাম্মির মধ্যে সে খুঁজে পেয়েছে সত্যিকারের ভালোবাসা। বয়ফ্রেন্ডের বিষয়-আশয়ের প্রতি একটুও লোভ নেই শাম্মির। সে শুধু তাকে (বয়ফ্রেন্ডকে চায়)। তার সঙ্গে থাকতে চায়। আর বয়ফ্রেন্ড চায় তাকে হাই এক্সপেন্সিভ একটা জীবন দিতে।
এখন শারমিন শাম্মি হয়ে যে ব্রান্ডের ড্রেস পরে আছে তা ঐ মেয়েরা জীবনেও কোনোদিন কিনতে পারবে না। গ্রাম থেকে উঠে আসা শারমিন কী করে শাম্মি হয়ে গেল তার কাছে বসা এই মানুষটির ডাকে। এটা তো শুধু ভোল পাল্টানো নয়, রীতিমতো চ্যালেঞ্জ। সবাই তা পারে না। সে পেরেছে ভেবে গর্ব হয় তার। কোথায় তার বাবার ছোটো টংয়ের দোকান, ছাপড়ার ঘরের সংসার আর কোথায় অভিজাত বয়ফ্রেন্ড! শরীর দেওয়া সহজ, সঙ্গ দেওয়া সহজ নয়। সোসাইটিতে মিশতে না জানলে সঙ্গ দেওয়া যায় না।
এখানেই পার্থক্য একজন পতিতার আর সুগারবেবির। যদিও শাম্মি নিজেই জানে না সে কবে কখন সুগারবেবিতে পরিণত হয়ে গেছে। আমাদের দেশের শাম্মিদের খবর আমরাও ভালো করে জানি না। তবে ইউএসএ তে সুগার বেবিদের সংখ্যা তিন মিলিয়নের মতো। সুগারবেবি হলো তারা, যারা অর্থের বিনিময়ে সঙ্গ দেয়। কখনো সোজা-সাপ্টা চুক্তির মাধ্যমে। কখনো প্রেমে। তবে অর্থের লেনদেন থাকেই। সুগার ড্যাডি সব সময় যে ড্যাডিদের বয়সী হবে এমন নয়। কম বয়সীরাও সুগার ড্যাডির ভূমিকা নিতে পারে যদি সেরকম টাকা থাকে।
পতিতাদের গল্পে দালাল থাকে, প্রতারণার ফাঁদ থাকে। সুগারবেব, যা আমাদের দেশে উপপত্নী বলে সর্বাধিক পরিচিত তাদের গল্পের পেছনে থাকে টাকা আর আভিজাত্যের মোহ। বয়ফ্রেন্ডের স্ত্রী-সন্তান আছে জেনেও তারা ফিরে যায় না। পত্নীর পূর্ণ মর্যাদা না পেলেও তারা ভালোবেসে যেতে পারে, সেলফি তুলতে পারে। যদিও ফেইসবুকে তারা শুধু নিজের সেলফিই দেয়। বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রক্ষার পূর্ব শর্তই থাকে গোপনীয়তা রক্ষা।
ইতোমধ্যে আমি সুগার ড্যাডিদের কিছু চাওয়া পাওয়া আর আচার-আচরণের কথা বলে ফেলেছি সুগার বেবিদের কথা বলতে বলতে। সুগার ড্যাডিদের বড়ো বৈশিষ্ট্যই হলো তাদের অর্থের আতিশয্য বা বাড়াবাড়ি থাকবে। তাই বলে কি অর্থই অনর্থের মূল হবে? অর্থ থাকলেই অস্বাভাবিক যৌন চাহিদা থাকবে? না, এমন নয়।
যৌনতার প্রসঙ্গ এলেই খুব সঙ্গতভাবে ফ্রয়েড এসে যায়। ফ্রয়েডের মতে, মানুষের অন্তর্নিহিত প্রেষণা হচ্ছে যৌনতা। যৌনতা মানুষকে ভেতর থেকে পরিচালিত করে। যার বেশি টাকা আছে তার পক্ষে বেশি বেশি যৌনতাকে উপভোগ করা সম্ভব। সে টাকা খরচ করে সব বাধা-বিপত্তিকে অতিক্রম করে যৌনতাকে উপভোগ করতে সমর্থ হয়। কিন্তু সবাই তো করে না। জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, অর্থ সবার কাছে সমান নয়। তাই বলা যায় যৌনতার প্রতি সবার আকর্ষণ থাকলেও যৌনতা সবাইকে একভাবে টানে না। সবার তৃষ্ণার মাত্রা বা আকাঙ্ক্ষা সমান নয়।
ব্যক্তিত্বের তিনটি বৈশিষ্ট্য যাকে ডার্ক ট্রেইট বলে, নির্ধারণ করে কার কী ধরনের আচরণ করার সম্ভাবনা। এই তিনটি ডার্ক ট্রেইট বা কালো দিক হলো যথাক্রমে ম্যাকিয়াভেলিয়ানিজম, সাইকোপ্যথি ও নার্সিসিজম। ম্যাকিয়াভ্যালিয়ানিজম একটি ইতালিয়ান শব্দ। শব্দটির পেছনে আছে ইতালির ইতিহাস। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাছ-বিচারহীনভাবে যা কিছু করা দরকার তাই করে যাওয়াকেই ম্যাকিয়াভ্যালিয়ানিজম বলে। অর্থাৎ যার মধ্যে ম্যাকিয়াভ্যালিয়ানিজম প্রবলভাবে আছে সে করতে পারে না এমন কোনো কাজ নেই। সে তার প্রয়োজনে সবকিছুই করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সাইকোপ্যাথি। সাইকোপ্যাথি যার মধ্যেই থাকে সে কখনোই অন্যকে বুঝতে পারে না। অন্যকে বুঝতে হলে তার জায়গা থেকে দেখতে হয়। মায়া না থাকলে সেটা সম্ভব নয়। কেবলমাত্র মায়ার চোখ দিয়ে দেখলে অন্যের দুঃখ কষ্ট বোঝা যায়। সাইকোপ্যাথদের অন্যের প্রতি মায়া বা অ্যামপ্যাথি থাকে না। তৃতীয় কালো দিকটি হলো অহংকার বা নিজেকে শ্রেষ্ঠ ভাবা। যাকে বলা হয়েছে নার্সিসিজম।
নিজেকে বড়ো মনে করা, নিজের প্রয়োজনে বাছবিচার না করা এবং অন্যের কষ্টে বুঝতে না পারা-এই তিন বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে, তাদের পক্ষে অনেক অর্থ অর্জন করা সম্ভব। আবার সেই অর্থকে ব্যবহার করে নিজের ইচ্ছাকে চরিতার্থ করা সম্ভব। কানাডার ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান গবেষক কিবিয়োম লি এবং তাঁর সহকর্মীরা মানুষের ব্যক্তিত্বের এই কালো দিক তিনটিই দেখেননি কালো দিকের বিপরীতে হিউমিলিটি বা বিনয়-প্রবণতা (বিনীত হওয়ার প্রবণতা এবং অনেস্টি বা সততা এই দিকটিও দেখেছেন)।
যাদের সততার মাত্রা বেশি তারা অন্যের সঙ্গে প্রতারণামূলক আচরণ করতে পারেন না। যাদের বিনীয়-প্রবণতা বেশি তারা অন্যকে অসম্মান করতে পারেন না। ব্যক্তিত্বের কালো দিকগুলো তাদেরই বেশি হয় যাদের সততা কম, বিনয় কম। তাঁদের গবেষণার ফলাফলে তাঁরা এটাই বলতে চেয়েছেন যে যাদের সততা এবং বিনয়-প্রবণতা কম তারাই ক্ষমতা যৌনতা এবং অর্থের আতিশয্যে ভাসতে পারে।
গবেষণাটির ব্যবহার-উপোযোগিতা এই যে, আমরা যখন কোনো ধনী মানুষের সংস্পর্শে আসব, তখন খেয়াল করে দেখা যে তার ব্যক্তিত্বে এই কালো দিকগুলো আছে কিনা। অন্য মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন? সে কি অন্যের দুঃখ-কষ্ট বুঝতে পারে? সে কি নিজেকে অনেক বেশি মূল্যবান মনে করে? সে কি যেকোনো উপায়ে তার লক্ষ্যে পৌঁছাতে চায়? সে কি সত্যিকার অর্থে বিনয়ী? সে কি সৎ?
আশাকরি এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করবে। সুগার ড্যাডিদের দেওয়া জীবন কোনো জীবন নয়। মৃত্যু দিয়ে অনেক মেয়েকেই তার ক্ষতিপূরণ দিতে হয়। ঝিলের পাশে অজ্ঞাতনামা লাশ হয়ে ভেসে উঠতে হয়, দামী ফ্ল্যাটে একা একাই ঝুলে পড়তে হয় ফ্যানের সঙ্গে। ব্র্যান্ডের ড্রেস, দামি লিপিস্টিক, বিলাসবহুল গাড়ি তখন আর কাজে আসে না।
- ডা. এস এম আতিকুর রহমান
- মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

