রাত তখন প্রায় ১১টা। ২৮ বছর বয়সি রিমি (ছদ্মনাম) স্বামীর ফোনের দিকে তাকিয়ে বসে আছেন স্বামী অফিসের কাজে ব্যস্ত, কিন্তু রিমির মনে একটাই প্রশ্ন-“কার সঙ্গে এতক্ষণ কথা বলছে?” কিছুক্ষণ পর স্বামী ফোনটি টেবিলে রেখে ঘুমিয়ে পড়লেন। রিমি চুপিচুপি ফোনটি হাতে নিলেন। কোনো সন্দেহজনক কিছু পেলেন না। তবুও তাঁর অস্বস্তি কাটল না। পরদিনও একই প্রশ্ন, একই সন্দেহ। ধীরে ধীরে স্বামীর ফোন পরীক্ষা করা, কার সঙ্গে কথা বলছেন তা জানতে চাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি যোগাযোগ পর্যবেক্ষণ করা তাঁর প্রতিদিনের অভ্যাসে পরিণত হলো।
প্রথম দিকে পরিবার বিষয়টিকে স্বাভাবিক দাম্পত্য হিংসা হিসেবে দেখেছিল। কিন্তু কয়েক মাস পর পরিস্থিতি বদলে গেল স্বামী অফিসে গেলে বারবার ফোন, কোথায় আছেন তার প্রমাণ চাওয়া, সহকর্মী নারী সম্পর্কে প্রশ্ন এবং সামান্য দেরি হলেই ঝগড়া-সবকিছুই সম্পর্কের ওপর তীব্র চাপ তৈরি করতে লাগল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কোনো বাস্তব প্রমাণ না থাকা সত্ত্বেও রিমির বিশ্বাস ক্রমেই দৃঢ় হচ্ছিল যে তাঁর স্বামী নিশ্চয়ই তাঁকে প্রতারণা করছেন।

হিংসা আসলে কী?
হিংসা মানুষের একটি স্বাভাবিক আবেগ। ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব কিংবা সামাজিক জীবনে কখনো কখনো অন্য কাউকে নিয়ে নিরাপত্তাহীনতা বা হারানোর ভয় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। প্রিয় মানুষ অন্য কারও প্রশংসা করলে সামান্য মন খারাপ হওয়া কিংবা নিজের সঙ্গে অন্যের তুলনা করা-এসব মানবিক অনুভূতির অংশ।
সমস্যা শুরু হয় তখন, যখন হিংসা আর অনুভূতি হিসেবে সীমাবদ্ধ থাকে না; বরং তা মানুষের চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একজন ব্যক্তি যদি বারবার প্রমাণ খুঁজতে থাকেন, অকারণে সন্দেহ করেন, সঙ্গীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি করেন অথবা সামান্য ঘটনাকেও বিশ্বাসঘাতকতার প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেন-তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
কখন এটি মানসিক সমস্যার অংশ হতে পারে?
হিংসা নিজে কোনো মানসিক রোগ নয়। তবে অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন হিংসা বিভিন্ন মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে যখন সন্দেহটি বাস্তব তথ্যের তুলনায় অনেক বেশি তীব্র হয়, যুক্তি বা আশ্বস্ত করায় তা কমে না এবং ব্যক্তির দৈনন্দিন জীবন, কাজ ও সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হয়।কিছু ক্ষেত্রে এই ধরনের দৃঢ় ও অমূলক বিশ্বাস delusional jealousy বা রোগগত ঈর্ষার রূপ নিতে পারে। আবার উদ্বেগ, ব্যক্তিত্বের কিছু সমস্যা, মাদক বা অ্যালকোহল ব্যবহারের সমস্যা কিংবা অন্যান্য মানসিক রোগের সঙ্গেও অতিরিক্ত সন্দেহ ও ঈর্ষা দেখা দিতে পারে।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা দরকার-সন্দেহ থাকা আর সন্দেহকে সত্য বলে অটলভাবে বিশ্বাস করা এক বিষয় নয়। বাস্তব প্রমাণ থাকলে সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক; কিন্তু প্রমাণের অনুপস্থিতিতেও যদি বিশ্বাস অটুট থাকে এবং সেই বিশ্বাসের ভিত্তিতে নিয়ন্ত্রণ, হুমকি বা আক্রমণাত্মক আচরণ শুরু হয়, তখন বিষয়টি মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা জরুরি।
এর পরিণতি কী হতে পারে?
অতিরিক্ত হিংসা শুধু যে সম্পর্ক নষ্ট করে তা নয়, এটি আক্রান্ত ব্যক্তির নিজের জীবনেও গভীর অস্থিরতা তৈরি করতে পারে।সারাক্ষণ সন্দেহ, উৎকণ্ঠা, রাগ, ঘুমের সমস্যা এবং মানসিক চাপ তৈরি হতে পারে। কখনো কখনো দাম্পত্য সহিংসতা, আত্মক্ষতির চিন্তা কিংবা অন্যকে আঘাত করার ঝুঁকিও দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতিকে শুধু “বেশি ভালোবাসে” বা “স্বভাবটাই এমন” বলে উপেক্ষা করা উচিত নয়।
ভালোবাসার সঙ্গে বিশ্বাস থাকে, আর সুস্থ সম্পর্কের সঙ্গে থাকে ব্যক্তিগত স্বাধীনতা। হিংসা যখন সেই বিশ্বাস ও স্বাধীনতাকে গ্রাস করে এবং মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেটিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সময়মতো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা অনেক ক্ষেত্রেই ব্যক্তি ও সম্পর্ক-দুটোকেই সুস্থতার পথে ফিরিয়ে আনতে পারে।
ডা. মিউরিন হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (চাইল্ড এ্যান্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি) সাইকিয়াট্রিস্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।


