যেকোনো সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কের সঙ্গে ঈর্ষার একটা স্বাভাবিক সংযোগ থাকতে পারে। কিন্তু যখন তা ব্যক্তির চিন্তা, অনুভূতি ও আচরণকে তীব্রভাবে প্রভাবিত করে, ব্যক্তির স্বাভাবিক সম্পর্ক এবং জীবনযাপনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন তা মানসিক অসুস্থতায় পরিণত হয়, যাকে অস্বাভাবিক ঈর্ষা বা প্যাথোলজিক্যাল জেলাস বলা হয়। প্যাথোলজিক্যাল জেলাস আবার মরবিড বা ডিলিউশনাল জেলাসি অথবা ওথেলো সিন্ড্রোম নামেও পরিচিত।

প্যাথোলজিক্যাল জেলাসির কিছু ধরন আছে, যেমন:
- ডিলিউশনাল ডিজঅর্ডার (জেলাস টাইপ)
- সাইকোটিক ডিজঅর্ডার (যেমন: সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার, অবসেসিভ জেলাসি, অ্যালকোহল ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবহার ইত্যাদি) প্যাথোলজিক্যাল জেলাসিতে পার্টনারকে অবিশ্বাস করার মতো কোনো প্রমাণ থাকে না এবং সে নিজেও বুঝতে পারে এটা অযৌক্তিক চিন্তা, তবুও পার্টনার সর্বক্ষণ এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে এবং চাইলেও মন থেকে তা দূর করতে পারে না।
প্যাথোলজিক্যাল জেলাসির কিছু লক্ষণ:
- পার্টনারকে সর্বক্ষণ সন্দেহ-যেন সে অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্কে যুক্ত।
- পার্টনারকে অবিশ্বাস করা এবং তার সারাদিনের কার্যকলাপ সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাওয়া-কোথায় আছে, কার সঙ্গে আছে, কী করছে ইত্যাদি।
- বিনা অনুমতিতে পার্টনারের মোবাইল, ইমেইল ইত্যাদি চেক করা এবং যেকোনো ফোন নম্বর থেকে আসা কলের জন্য জবাবদিহি করা।
- পার্টনারকে এবং যাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করছে। তার প্রতি মৌখিক এবং শারীরিকভাবে চড়াও হওয়া।
- নিজের ঈর্ষান্বিত আচরণ অস্বীকার করা এবং সন্দেহের কারণ প্রমাণ করতে না পারা।
- বারবার একই বিষয়ে আশ্বস্ত করার পরও সন্দেহ থেকে যাওয়া।
প্রতিকার ও প্রতিরোধের উপায়:
- যে বিষয়টা ব্যক্তিকে ঈর্ষান্বিত করছে সেটাকে শনাক্ত করা এবং তা মোকাবিলা করা।
- যাকে ঘিরে ঈর্ষা তৈরি হচ্ছে তার কাছে ব্যক্তিগত অনুভূতিগুলো সরাসরি প্রকাশ করা এবং সমস্যার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা।
- পারস্পরিক সম্পর্কের প্রতি সৎ থাকা, সম্মান প্রদর্শন করা এবং সন্দেহের কোনো কারণ ঘটে থাকলে সেটার পরীক্ষিত প্রমাণ বের করা।
- তাৎক্ষণিক কোনো নেতিবাচক আবেগীয় প্রতিক্রিয়া না করে অপেক্ষা করা এবং রাগ নিয়ন্ত্রণ করতে শেখা।
- পার্টনারকে তার নিজের বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়া।
- নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া, নিজের প্রতি এবং পার্টনারের প্রতি যত্নশীল হওয়া এবংউভয়ের স্বাধীনতার সীমা নির্ধারণ করা।
- নিজেকে শান্ত এবং স্থির করার জন্য রিল্যাক্সেশন ও মাইন্ডফুলনেস টেকনিক অনুশীলন করা।
- সাইকিয়াট্রিস্টের সহযোগিতা নেওয়া।
চিকিৎসা কি সম্ভব?
ডিলিউশনাল জেলাসি হলো এক ধরনের সাইকোটিক ডিজঅর্ডার। এর চিকিৎসা হয়ে থাকে মূলত সাইকোট্রপিক মেডিসিনের মাধ্যমে। পাশাপাশি ফ্যামিলি থেরাপি, কাপল থেরাপি ও ইন্ডিভিজুয়াল থেরাপির মাধ্যমে এর চিকিৎসা করা যায়।
ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়:
সম্পর্কে বিশ্বাস ও পারস্পরিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈর্ষা কখনো কখনো ভালোবাসার স্বাভাবিক আবেগ হতে পারে, কিন্তু যখন সন্দেহ মানুষের চিন্তা, আচরণ ও সম্পর্কে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেটি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। প্যাথোলজিক্যাল জেলাসি চরিত্রের কোনো দোষ অথবা পার্টনারের ইচ্ছাকৃত কোনো কর্ম নয়। এটি একটি মানসিক সমস্যা বা মানসিক রোগের প্রকাশ। তাই চিকিৎসা থেকে দূরে না থেকে প্রয়োজন হলে পেশাদার সাহায্য নেওয়াটাই সবচেয়ে নিরাপদ।
ডা. মো. সামীউল আলম
এমবিবিএস এমডি (সাইকিয়াট্রি)
সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।


