প্রশ্ন: আমার বড় বোনের বয়স ৩২ বছর মূলত সমস্যাটি তার। ৭ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোভাবে সংসার করছিল। তার স্বামী, শ্বশুর বাড়ির সবাই ভালো। অথচ ৩ বছর আগে হঠাৎ করে সে বলতে থাকে তার স্বামী নাকি তাকে ঠকিয়েছে। তার আর একটা বউ আছে, ছেলে আছে। তার সাথে থাকলে তাকে নাকি মেরে ফেলবে। এরকম অনেক উল্টাপাল্টা সন্দেহ করা শুরু করে। এক পর্যায়ে সে আমাদের বাড়ি চলে আসে, তারপর থেকে এখানেই থাকে। তাকে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার ঔষধ দিয়েছেন, কিন্তু কোনোভাবেই সে ঔষধ খেতে চায় না, চুপচাপ থাকে, কোনো প্রশ্ন করলে ‘মনে নাই’, ‘বলতে পারি না’ এভাবে উত্তর দেয়। কিছুদিন আগে তার কোমরে দুটো ইনজেকশন দেয়া হয়েছিল, সে মনে করে ঐ ইনজেকশনের কারণে তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। বোঝানো হলে কিছুটা বোঝে কিন্তু কিছুক্ষণ পরেই আবার একই কথা বলতে থাকে। এমতাবস্থায় আমরা কী করতে পারি দয়া করে পরামর্শ দিবেন।
ডা. মো. রেজাউল করিম: আপনার বোন মূলত সন্দেহপ্রবণ। এই সন্দেহপ্রবণতা বিগত তিন বছরের বেশি সময় থেকে আছে এবং বৃদ্ধি পাচ্ছে। আপনি বলেছেন, আপনারা তাকে ঔষধ খাওয়াতে সক্ষম হচ্ছেন না। সবকিছু বিবেচনায় বলা যায়, আপনার বোন গুরুতর মানসিক রোগে ভুগছেন এবং তাকে অবিলম্বে চিকিৎসা দেয়া প্রয়োজন। তার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন এবং ঔষধ খাওয়ানোর জন্য প্রয়োজনে মানসিক হাসপাতাল অথবা মেডিক্যাল কলেজ হাসপাতালে মানসিক বিভাগে ভর্তি করে চিকিৎসা করার পরামর্শ দিচ্ছি। এই চিকিৎসা একটু দীর্ঘমেয়াদি হতে পারে এ ব্যাপারে আপনার পরিবারের সহযোগিতা প্রয়োজন হবে এবং আশা করি চিকিৎসায় উন্নতি লাভ করবে।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. রেজাউল করিম
- মনোরোগ বিশেষজ্ঞ,
- প্রাক্তন প্রিন্সিপাল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ।

