অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার বা ওসিডি একটি দীর্ঘমেয়াদি এবং ডিজ্যাবিলিং (Disabling) রোগ যা শুধুমাত্র রোগীকেই ভোগায় না, তাদের পরিচর্যাকারী পরিবারের সদস্যদের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে। এই উপমহাদেশে পারিবারিক কাঠামো শক্তিশালী হওয়ায় এবং মানসিক রোগীদের জন্য পর্যাপ্ত সেবামূলক প্রতিষ্ঠান, লোকবল না থাকায় পরিবারকেই পরিচর্যা বিষয়ক প্রধান ভূমিকা পালন করতে হয়।
গবেষণায় দেখা গেছে যে, বিষণ্ণতায় আক্রান্ত রোগীর পরিচর্যাকারী এর চেয়ে ওসিডিতে আক্রান্ত রোগীর পরিচর্যাকারীর দুর্ভোগের হার বেশি। এই দুর্ভোগের কারণ হিসেবে শনাক্ত করা যায় যে, ওসিডি রোগের উপসর্গের সাথে পরিবারের সদস্যদের accommodation বা সম্পৃক্ততা। একজন ওসিডি রোগী যেভাবে তার রোগসংক্রান্ত বিষয়গুলো মানেন তারাও তা মানতে বাধ্য হন। এ কারণে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ব্যাহত হয়। রাগ, হতাশা, বিষণ্ণতা এমনকি পারিবারিক কলহ বা দ্বন্দ্ব বাড়ায়। মোদ্দাকথা, তাদের জীবন যাত্রার মান অনেক কমে যায়।
এই গবেষণায় রোগীর প্রাথমিক পরিচর্যাকারী হিসেবে দেখানো হয়েছে, ১৮ বছরের বেশি বয়সি পারিবারিক সদস্য যারা রোগীর সঙ্গে একই বাড়িতে বসবাস করেন, ১ বছর থেকে রোগীর নিয়মিত দেখাশোনা করে যাচ্ছেন এবং তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তাদের সামগ্রিক জীবনযাত্রার মান এবং দুর্ভোগের পরিমাণ পরিমাপ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কেলের সাহায্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। এরকম কয়েকটি বিষয় ছিল-
- আর্থিক দুর্ভোগ
- পরিবারের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়া
- পারিবারিক অবসর সময় ব্যাহত
- পরিবারের সদস্যের মধ্যে আন্তঃযোগাযোগ নষ্ট হওয়া
- অন্যদের শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব
অন্যদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে, পরিচর্যাকারীদের মধ্যে ৫৬% জন মধ্যম মানের দুর্ভোগ পোহাচ্ছেন এবং ৪৫% অনেক বেশি দুর্ভোগে আছেন। তাদের জীবন যাত্রার মান বা Quality of life ৫০% এর বেশি কমে গিয়েছে।
এরকম অতিরিক্ত পারিবারিক দুর্ভোগ এবং স্বল্প জীবনযাত্রার মান এটাই প্রমাণ করে যে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এ বিষয়ক অন্যান্য পেশাজীবীগণের ওসিডি রোগী চিহ্নিত করে রোগীর চিকিৎসার পাশাপাশি পরিচর্যাকারীদের প্রয়োজনীয় সাপোর্টও নিশ্চিত করা উচিত।
REFERENCE
Perceived burden and quality of life of caregivers in obsessive-compulsive Sandeep Grover, MD* and Alakananda Dutt, MD Psychiatry and Clinical Neurosciences 2011; 65:416-422doi:10.1111/j.1440-1819.2011.02240.x
- ডা. সাদিয়া আফরিন
- রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি)।

