নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে বাড়ছে। এটা প্রমাণিত যে, শারীরিক অসংক্রামক দীর্ঘমেয়াদি রোগ এবং মানসিক রোগের মধ্যকার সম্পর্ক উভমুখী। এজন্য এবিষয়ে গবেষণার আগ্রহ দিন দিন বেড়ে চলছে। আমরা আজ যে গবেষণাটি নিয়ে আলোচনা করব, তা করা হয়েছে চীনে। গবেষণায় দেখা হয়েছে, যারা মানসিক রোগী তাদের মধ্যে শারীরিক অসংক্রামক রোগের হার, সচেতনতা এবং চিকিৎসা নেওয়ার হার কেমন। চায়না জনবহুল একটি দেশ। শারীরিক অসংক্রামক রোগের হার ৪৫ বছর বা তদূর্ধ্ব। এরমধ্যে ৬২% এর মানসিক রোগের হার ৯.৩%।

এই গবেষণার জন্য ৪৫০টি কমিউনিটি বা গ্রাম থেকে ১৭,১৪১জনের তথ্য নেওয়া হয়েছে। এদের কোনো না কোনো শারীরিক অসংক্রামক ব্যাধি ছিল। এখানে অসংক্রামক দীর্ঘমেয়াদি রোগ হিসেবে ৪টি রোগকে ধরা হয়েছে উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, ক্রনিক কিডনি ডিজিজ এবং রক্তে চর্বির অসামঞ্জস্যতা বা Dyslipidemia. ৭৩৬১ জন উচ্চ রক্তচাপ, ২৩৪২ জন ডায়বেটিস, ৭০৫৪ জনের রক্তে চর্বির সমস্যা এবং ৯২৬৫ জনের কিডনি জটিলতা ছিল। গবেষণার ফলাফল কিছুটা চমকপ্রদ। দেখা গিয়েছে মানসিক রোগ যাদের মধ্যে ছিল তাদের মধ্যে শারীরিক রোগের ডায়াগনোসিস বা রোগ নির্ণয়, সচেতনতা এবং চিকিৎসা নেওয়ার হার বেশি! কারণ হিসেবে বলা হয়েছে,
১. মানসিক রোগের কারণে বারংবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে,
২. চিকিৎসকগণ সাধারণত দুই বা ততধিক রোগ একসাথে থাকলে বেশি সময় দিতেন এবং রোগ নির্ণয় এ পরীক্ষানিরীক্ষা করেন,
৩. মানসিক রোগীর বেশিরভাগেরই থাইরয়েড ফাংশন টেস্ট এবং লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয় কারণ মানসিক রোগের অনেক উপসর্গের সাথে থাইরয়েডের সমস্যার মিল আছে এবং
৪. মানসিক রোগে যেসব ওষুধ দেয়া হয়, তার পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা দীর্ঘদিন ওষুধ যারা সেবন করেন তাদের প্রায়ই লিভার ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট করা হয়।
এসব কারণেই মূলত গবেষণার ফলাফল এমন ইতিবাচক এসেছে। কিন্তু সামগ্রিক চিত্রটা এরকম নয়, এটাও গবেষকরা উল্লেখ করেছেন। সম্পর্কটা প্রকৃতপক্ষে জটিল এবং চিকিৎসা নেওয়ার হার বেশি হলেও চিকিৎসা সম্পন্ন করা বা ট্রিটমেন্ট এডহারেন্স সম্পর্কে এখানে কোনো তথ্য ছিল না। তবুও গবেষকরা আশাবাদী যে, মানসিক রোগের চিকিৎসা ঠিকমতো নিলে তাদের মধ্যে যেসব শারীরিক অসংক্রামক দীর্ঘমেয়াদি রোগ আছে তা নির্ণয় করা তুলনামূলক সহজ হবে এবং এ সম্পর্কে সচেতনতাও বৃদ্ধি পাবে।
Reference
Associations between mental health disorder and management of physical chronic conditions in China: a pooled cross-sectional analysis Zheng Zhang, Grace Sum, […], and John Tayu Lee Sci Rep. 2021; 11: 5731. Published online 2021 Mar 11. doi: 10.1038/s41598-021-85126-4 PMCID: PMC7952541 PMID: 33707604
- ডা. সাদিয়া আফরিন
- শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, এনআইএমএইচ, ঢাকা।


