সমস্যা: স্যার, আসসালামু আলাইকুম। আমার সমস্যা হচ্ছে আমি অতিমাত্রায় উচ্চতাভীতিতে ভুগি। উঁচু জায়গায় এমনকি ৪/৫ তলায় উঠতেও ভয় করে, হাত-পা কাঁপে, হার্ট-বিট বেড়ে যায়। অন্যদিকে আমি এই ফোবিয়া কাটানোর জন্য প্রাণপণ চেষ্টা করি কিন্তু উঁচু জায়গায় উঠলে আবারও আগের মতোই অবস্থা হয়। এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে এখন ডিপ্রেশনে চলে যাবার উপক্রম হয়েছে। এখন আমার কী করণীয় দয়া করে জানাবেন?

পরামর্শ: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সমস্যাটি মনে হচ্ছে বেশকিছু দিন যাবৎ চলছে। আপনার উচিত ছিল কাছাকাছি কোনো একজন মনোরোগ। বিশেষজ্ঞের পরামর্শ নেয়া। মনের রাখতে হবে মিডিয়া ব্যবহার করে যে সাহায্য করা হয় বা করার চেষ্টা করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নয়। এখানে অনেক ভুল থাকতে পারে। সুতরাং সুযোগ থাকলে সরাসরি কাউকে দেখান। এবার আসি মূল প্রসঙ্গে, আপনার সমস্যাটি আসলে সিম্পল বা স্পেসিফিক ফোবিয়া। এর নাম এক্রোফোবিয়া। এটি অনেকেরই হয় বা হতে পারে। সরাসরি কোনো কারণ না থাকলেও কেউ কেউ আগের কোনো অভিজ্ঞতাকে কারণ মনে করেন।তবে অ্যাংজাইটি প্রোন বা উদ্বেগজনিত সমস্যা থাকার কারণে এই রোগ হতে পারে চিকিৎসার জন্য প্রথমে আপনার নিজের কোনো উদ্বিগ্নতায় আক্রান্ত হওয়ার কারণ আছে কিনা সেটা দেখতে হবে, যেমন-থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা বা মানসিক কোনো সরাসরি কারণ আছে কিনা সেসব দেখে নেয়া ভালো। না থাকলে আজকে থেকেই ট্যাবলেট নেক্সিটাল ৫ মি. গ্রা. সকালে নাস্তার পর একটা করে খাওয়া শুরু করুন। সেই সাথে ট্যাবলেট ডেনিক্সিল ০.৫ মি.গ্রা. রাতে অর্ধেক করে খাওয়া শুরু করেন। সেইসাথে দুটি বিষয় প্র্যাকটিস করতে পারেন-এক, নিজে নিজে চিন্তা করে বারবার উঁচুতে উঠছেন বা আছেন এমন পুরো বিষয়টি সঠিকভাবে শেষ করতে পরিস্থিতি মনের মধ্যে তৈরি করা এবং দুই, সত্যি সত্যি এমন অবস্থায় বারবার পারছেন এমন চিন্তা বারবার করবেন। নিজে নিজে যাবেন এবং কাজগুলো এভয়েড না করে সম্পূর্ণ শেষ করে আসবেন। দেখবেন পরবর্তী দিনগুলোতে আরও সাহস পাবেন। ধন্যবাদ। অসুবিধা হলে জানাবেন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


