মনের খবর প্রকাশিত ম্যাগাজিন এপ্রিল সংখ্যা ২০২৫ এর মনোসামাজিক বিশ্লেষণ এর কমেন্ট করেছে
ফারজানা ফাতেমা (রুমী)
মনোবিজ্ঞানী
আমরা যখন কোনো রকম শারীরিক অসুস্থতায় ভুগি, প্রথমে নিজে থেকেই হয়ত কিছু ওষুধ খেয়ে ঠিকঠাক হবার চেষ্টা করি। এরপর নিকটস্থ ডাক্তারের কাছে যাই। প্রয়োজন মতো ডায়াগনোসিস করাই আবার এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাই। রুটিনমাফিক ফলোআপ করি। কিন্তু মানসিক রোগের চিকিৎসার বেলায় বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে যার দায় কিনা আমাদের উপরই বর্তায়। যেমন, অর্থনৈতিক বাধা, অপ্রতুল স্বাস্থ্য সেবা সুবিধা, মানসিক স্বাস্থ্য সচেতনতা, সোশ্যাল স্টিগমা ইত্যাদি। সরকারিভাবে যে হাসপাতাল কিংবা মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে তা এখনো অনেকেই জানেন না। বেসরকারিভাবে সেবা নিতে গেলে ডাক্তারের ভিজিট দেয়া অনেকের কাছেই ব্যয়বহুল। অনেকে ফলোআপ বিষয়টি বুঝতেই পারেন না, সমস্যা হলে ওষুধ খেয়ে নেন কিংবা বছরের পর বছর একই ওষুধ খেতে থাকেন। আমাদের সামাজিক ব্যবস্থাটাই এমন যে একজন রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে ডাক্তারসহ সেলফি দেয়া হয় কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা নিচ্ছেন এমন কেউ ডাক্তারের সাথে সেলফি তুলে প্রচারের কাজ কখনই করতে যায় না। কিংবা অন্যকে বলে না যে, আমিও গেছি অমুক ডাক্তারের কাছে তুমিও যাও। যদি সাইকোথেরাপি নিতে আসেন তবে সেখানে ৮ থেকে ১২ টি সেশন লেগেই যায়, কিংবা আরো বেশি। কেনোনা সমস্যাগুলো বলার পরই একটি সমাধানের জন্য গোল সেট আপ করা হয়। এটা সম্ভব না যে রোগী আসলেন ১০/১৫ মিনিট কথা বলেই তাকে চিকিৎসা দেয়া হলো। তাই এতগুলো সেশন আসলে কেনো প্রয়োজন সেটা যদি বুঝিয়ে না বলা হয় সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার প্রতি অনেকের অনীহা তৈরি হয়।


