প্রশ্ন: আমার ছোট ভাই আগে অনেক হাসিখুশি ছিল। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন। এরপর থেকে ও কেমন জানি হয়ে যায়। কারো সাথে তেমন কথা বলে না, একা একা সারাদিন দরজা বন্ধ করে থাকে। সারাদিন ঘুমায় কিন্তু সারারাত জেগে থাকে আর রাতে রাস্তায় হাঁটে। পরিবারের কাউকে পছন্দ করে না, কেউ ভালো কিছু বোঝালে খুব বিরক্ত হয়। সব সময় নিজেকে আড়াল করে রাখে। ওয়াশরুমে গেলে অনেকক্ষণ থাকে প্রচুর পানি ফেলে। আর ও কোনো দোষ করলে নিজের মতো করে এমন কিছু গল্প বানায় যা শুনলে যে কেউ তার কথা বিশ্বাস করবে, পড়াশুনায় খুব ভালো ছিল এখন পড়াশুনাও হচ্ছে না। আরো অনেক কিছু যা বলে শেষ হবে না। মোটকথা ওর মনে যা হয় তাই করে, কারো কোনো কথা কানেও তোলে না। এটা কি কোনো রোগ? ডাক্তার দেখাতে চাইলে আরো রিয়্যাক্ট করে।
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব: প্রশ্নের জন্য ধন্যবাদ। অবশ্যই এটা একটা বড়ো সমস্যা। সামাধানের বিষয়ে যত দেরি করবেন সমস্যা তত বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার ছোটো ভাইয়ের বিষয়টি ভালো করে নজরে এনেছেন এবং তাকে কী করলে ভালো করা যায় সে বিষয়ে চিন্তা করছেন। আজকাল মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত যে ভাই-বোনের সুন্দর সম্পর্ক পর্যন্ত সুন্দর থাকছে না। আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, যদি আপনার কথা শোনে তবে দেরি না করে আমাদের মতো কারো সাথে সরাসরি যোগাযোগ করুন। অনেকগুলো বিষয় এখানে হতে পারে। এক হতে পারে বিষণ্ণতা, হতে পারে আরো কোনো জটিল ধরনের মানসিক রোগ, মাদকাসক্তিও বাদ যাবে না। দিনে দরজা বন্ধ করে ঘুমায়, রাতে সজাগ থাকে, রাস্তায় হাঁটে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। একা একা থাকে, কথা বলে না, বিরক্ত হয় এসব কোনো বিষয়কেই অবহেলা করা যাবে না। যেহেতু পড়ালেখায় ভালো ছিল সেটা ভালো করে শেষ করতে এবং ভালো একটা ভবিষ্যত বানানোর জন্যও দ্রুত চিকিৎসা করানো দরকার। ডাক্তার দেখাতে চাইলে রিয়্যাক্ট হয়ত অনেক কারণেই করে। মন খারপ বা রোগ দুটোই এর সাথে সরাসরি যুক্ত থাকতে পারে। যেটাই হোক প্রয়োজনে জোর করে হলেও দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। আপনাদের সম্পর্ক আরো সুন্দর হোক, আরো জোরালো, আরো আবেগময় হোক। সবাই মিলে ভালো থাকুন সেই কামনা করি। আবারো ধন্যবাদ।

