আচরণগত আসক্তি (Behavioural Addiction) চিকিৎসার বিভিন্ন চ্যালেঞ্জ এবং আধুনিক মনোরোগ চিকিৎসা নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারের বিষয় ছিল “Treatment Challenges in Behavioural Addiction & Introducing the Department of Psychiatry, CMC&H”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেকওহা) মনোরোগবিদ্যা বিভাগের এফসিপিএস ট্রেইনি ডা. আরাফাত মাহমুদ ও একই বিভাগের সহকারী রেজিস্টার ডা. নাবিলা আক্তার। তারা আচরণগত আসক্তির বর্তমান চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয়ের জটিলতা, রোগীর পুনর্বাসন এবং এ ক্ষেত্রে বহুমাত্রিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রশিক্ষণরত চিকিৎসক এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা আচরণগত আসক্তি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী চিকিৎসা এবং গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

