প্রশ্ন: আমি নাম প্রকাশে অনিচ্ছুক। দুই বছর হলো বিয়ে করেছি। আমরা সম্পর্ক করেই বিয়ে করেছি। কিন্তু আগে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসতাম। আমার স্ত্রী এটা জানত। তার কাছে লুকাইনি। তারও আগে একটা সম্পর্ক ছিল। সেটা নিয়ে আমি তাকে কখনো কিছু বলিনি। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে আমার স্ত্রী আমাকে সন্দেহ করতে শুরু করে। ভাবে, আমি বোধহয় সেই মেয়েটার সাথে যোগাযোগ রাখছি। অবস্থা এমন দাঁড়ায় যে, যেকোনো মেয়ের সাথে কথা বললেই সে স্বাভাবিকভাবে নিতে পারে না। আমি তাকে অনেক বুঝিয়েছি। সাময়িকভাবে বুঝতে পারছে মনে হলেও পরবর্তিতে একই আচরণ করে। সে কি মানসিকভাবে অসুস্থ? চিকিৎসার মাধ্যমে কি তার এই আচরণের পরিবর্তন ঘটা সম্ভব? কীভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি?
পরামর্শ: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার স্ত্রী সম্পর্কে যে সমস্যার কথা লিখেছেন সেটা তার ব্যক্তিত্বের সমস্যাও হতে পারে আবার মানসিক অসুস্থতাও হতে পারে। এক্ষেত্রে ঔষধ ও সাইকোথেরাপি চিকিৎসা-সেবায় তার আচরণের পরিবর্তন হতে পারে। প্রথমে আপনার স্ত্রী ও আপনার সাথে কথা বলে বিস্তারিতভাবে অ্যাসেসমেন্ট প্রয়োজন। তারপর বিশেষজ্ঞ ডাক্তার সিন্ধান্ত নেবেন কীভাবে চিকিৎসা চালাবেন। তবে আচরণের পরিবর্তনের জন্য বেশ কিছুদিন যেমন ছয় মাস থেকে এক বছর চিকিৎসায় লেগে থাকতে হতে পারে।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার
- এমবিবিএস, ডিপিএম
- অধ্যাপক, মানসিক ও স্নায়ু রোগ বিভাগ
- ইউএসটিসি, চট্টগ্রাম।
আরও দেখুন…


