প্রশ্ন: আমি একটা বড়ো সমস্যায় আছি। এই সমস্যা নিতে নিতে আমি এখন ক্লান্ত। আমি প্রাইভেট কোম্পানিতে জব করি।এখানে নতুন নতুন ম্যানেজমেন্টের সাথে কাজ করতে হয়। আমাকে বাহির থেকে দেখলে মনে হবে আমি ফিজিক্যালি এবং মেন্টালি অনেক সাহসী। কিন্তু আমার ভিতরে ভয় কাজ করে। নতুন কোনো ম্যানেজারের সাথে পরিচয় হতে গেলে ভয় কাজ করে, নিশ্বাস বন্ধ হয়ে যায়, পানির পিপাসা পায়, বুক ধড়ফড় করে। জি এম স্যার, ডি জি এম স্যার ডাকল মিটিংয়ের জন্য তখন আমার এই সমস্যাগুলো দেখা যায়। নতুন কোথাও ইন্টারভিউর মুখামুখি হওয়া। নতুন কোনো মানুষের সাথে পরিচয় হওয়া। মিটিংয়ের মধ্যে কথা বলা। আমি ঠিকমতো প্রেজেন্টেশান পারব কিনা? এই সমস্যার জন্য আমি মানসিক ডাক্তার দেখিয়েছি। আমাকে ইন্ডিভার ১০, ইসিটা, রিভোট্রিল ০.৫। প্রায় ১ বছর খেয়েছি। ডাক্তার আমায় সাজেশন করল ঔষুধগুলো খেতে আর যে জিনিসগুলোতে ভয় বেশি পাই এগুলো বেশি বেশি যেতে। ঔষুধগুলো খাওয়ার একটা নির্দিষ্ট সময়ের পর আমার বমি বমি ভাব, চোখে অন্ধকার দেখি। এই ঔষুধগুলো যখন চলমান ছিল তখন আমি অনেক সাহসী, ভয় ভীতি ছিল না। এক পর্যায়ে আমি ঔষধগুলো খাওয়া বন্ধ করে দিই। আমার মধ্যে সে আগের মতো ভয় ভীতি, বুক ধড়ফড়, বেশি বেশি পানির পিপাসা শুরু হয়। আমি গুছিয়ে লিখতে পারিনি। অনুগ্রহপূর্বক আমার সম্যসাটা সমাধানের জন্য সাহায্য করুন।

পরামর্শ: ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি Phobia with panix attack নামক মানসিক অসুখে ভুগছেন। আপনি নিজেই বলেছেন ঔষধ খেলেই ভালো থাকেন। কাজেই ঔষধ চালিয়ে যান। ভয়কে জয় করতে হয়। পরিস্থিতিকে মোকাবিলা করার টেকনিক শিখতে হয়-প্রাকটিস করতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বাগ্মিতা সম্পর্কে কারোর সংশয় থাকার কথা নয়। তিনি এটা শিখেছিলেন ছোটোবেলা থেকেই। তিনি ঘরের দরজা বন্ধ করে টেবিলে দাঁড়িয়ে বক্তৃতা চর্চা করতেন। আপনিও সেটা করতে পারেন। যেটাকে আমরা বলি Skill training programme। অন্যদিকে আপনি যে সমস্যাগুলির কথা উল্লেখ করেছেন-সেগুলোকে আরো বেশি বেশি মোকাবিলা করার প্রাকটিস করতে পারেন, যেটাকে আমরা বলি ডিসেনসেটাইজেশান। চেষ্টা করে যান-সফল অবশ্যই হবেন। আর না পারলে কাছাকাছি কোনো হাসপাতালের মনোরোগ বিভাগে যোগাযোগ করেন। ধন্যবাদ।
- অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
- প্রাক্তন বিভাগীয় প্রধান
- মানসিক রোগ বিভাগ
- কুমিল্লা মেডিক্যাল কলেজ।

আরও দেখুন…

