প্রশ্ন: স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম মফিজুর রহমান। আমার বয়স ২৮। আমার ১০ বছর ধরে তীব্র মৃত্যু ভয় করে। মানে ঘুমালে মারা যাবো এমন মনে হয়। মাঝেমধ্যে আবার প্যানিক অ্যাটাকও হয়। এ থেকে আমি কীভাবে মুক্তি পেতে পারি? এই প্যানিক ডিজঅর্ডার কি ভালো হয়? দয়া করে জানাবেন।
অধ্যাপক ডা. মো. সালেমির হোসাইন চৌধুরী: ধন্যবাদ আপনার সুন্দর এবং বাস্তবধর্মী একটি প্রশ্নের জন্য। এটি একটি বিশেষ ধরনের মানসিক রোগ, যার নাম Anxiety disorder with panic attack। আপনার বর্ণনা অনুযায়ী রোগটি পুরোপুরি প্যানিক ডিজঅর্ডার নয়। কারণ গত ১০ বছর ধরে আপনার মানসিক অস্থিরতা সবসময় কম বেশি থাকে। মাঝে মাঝে এর তীব্রতা বেড়ে গিয়ে প্যানিক অ্যাটাকের মতো পরিলক্ষিত হয়। প্যানিক ডিজঅর্ডার বলতে যা বুঝায়, সেক্ষেত্রে রোগী দীর্ঘ সময় পুরোপুরি সুস্থ থাকে, তারপর হঠাৎ করে তার Anxiety symptom গুলোর আবির্ভাব ঘটে, হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অতিরিক্ত বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট অনুভূত হয়, হাত-পা কাঁপতে থাকে, মাথা ঘুরতে থাকে, সে এত ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে এই মুহূর্তে সে মৃত্যুবরণ করবে। প্রায় আধা ঘণ্টার মধ্যে তার লক্ষণগুলো কমতে থাকে এবং সে পুরোপুরি সুস্থতা অনুভব করে ও ভয়-ভীতি কেটে যায়।
ভালো হয় কিনা অথবা এ রোগ থেকে এখন আপনি মুক্তি পেতে পারেন কিনা? আসলে এটি একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ। এ রোগ সম্পর্কে সঠিক ধারণা থাকলে আপনি এতটা ভীত সন্ত্রস্ত হবেন না, সারাজীবন স্বাভাবিকভাবে চলতে পারবেন ও কাজকর্ম সঠিকভাবে চালিয়ে যেতে পারবেন। তবে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা অবশ্যই প্রয়োজন এবং চিকিৎসক কর্তৃক প্রদেয় চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যেতে থাকবেন। এই রোগের ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস পুরোপুরি রাখতে হবে যে, এটি কোনো ভয়ংকর রোগ নয়, এই রোগের কারণে আপনি কখনোই মারা যাবেন না। তবে মানসিক রোগ বিশেষজ্ঞ কর্তৃক চিকিৎসা গ্রহণ করলে যেমন রোগ সম্পর্কিত পূর্ণ ব্যাখ্যা ও কিছু বিশেষ ধরনের ঔষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করলে পুরোপুরি সুস্থ থাকবেন। তবে আপনাকে নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হবে।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মো. সালেমির হোসাইন চৌধুরী
- সাবেক সিনিয়র কনসালটেন্ট
- পাবনা মানসিক হাসপাতাল।

