প্রশ্ন: স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম শবনম ইভা। আমার বয়স ২১। আমার কিছুদিন যাবত মনে হচ্ছে আমার গলায় খাবার আটকে আছে। এত এত পানি খাই তবুও মনে হয় খাবার নামেই না। এমনকি ঘুমের মধ্যেও মনে হয় যে খাবার আটকে আছে। আমি এখন খাবার খেতে ভীষণ ভয় পাচ্ছি। আমি মানসিকভাবেও খুব দুর্বল হয়ে গেছি। আমি কীভাবে এটা থেকে মুক্তি পাবো? শ্রদ্ধেয় স্যার জানাবেন।
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, আগে দেখে নিতে হবে এটা গলার বা মুখের কোনো সমস্যা কিনা। গলা বা মুখের সমস্যা হলে সেইমতো ডাক্তার দেখাতে হবে এবং চিকিৎসা করাতে হবে। আর ঘুমের ভিতর গলায় কিছু আটকে থাকার অনুভব যুক্তিযুক্ত লাগছে না। তবে, গলায় কিছু আটকে থাকার অনুভব অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার একটা উপসর্গ। অর্থাৎ অতিরিক্ত উদ্বিগ্নতায় এমন অনুভব হতে পারে।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
- অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


