প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার। আমার নাম তানভীর হোসেন। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। বয়স ৩৮ বছর। অফিসের কাজের চাপ এত বেশি যে বাসায় ফেরার পরও কাজের চিন্তা মাথা থেকে যায় না। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি না, রাতে ঘুম ভেঙে যায়। সব সময় টেনশনে থাকি। এটা থেকে বের হতে পারি কীভাবে?
তানভীর হোসেন, গাজীপুর
পরামর্শ: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি লিখেছেন অফিসে কাজের চাপ অনেক বেশি। রাতে ঘুম ভালো হয়না। পরিবারের সাথেও সময় কাটাতে পারছেন না। এর ফলে পরিবারের সকলের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের কাজের চিন্তা বাসায় করাটা মোটেও যৌক্তিক হচ্ছেনা। পরদিনের কাজের চিন্তা পরের দিন সকালে উঠে করাই ভালো। বাসায় ফিরে অফিসের চিন্তা সরিয়ে রাখুন। খোলামনে হাসিখুশি থেকে সকলের সাথে কথা বলুন, বিশ্রাম নিন। কাজের চাপের জন্য আপনার চাপ বা stress বেশি হচ্ছে। Stress coping দক্ষতা আপনার কম বলে মনে হচ্ছে। আপনার পেশাদার সাহায্য প্রয়োজন। প্রথমে একজন মনোচিকিৎসকের সাথে যোগাযোগ করুন। তিনি যথাযথ এসেসমেন্ট করে সঠিক রোগ নির্ণয় করবেন। প্রয়োজনে কিছু ঔষধ দেয়া যেতে পারে। এছাড়াও stress coping-এর জন্য প্রয়োজন রিলাক্সেশন থেরাপি ও যথাযথ মনস্তাত্ত্বিক চিকিৎসা। বিশেষজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞ সাইকোলজিস্টের পরামর্শে আপনি সমস্যা থেকে মুক্ত হতে পারবেন বলে আমি আশা করি। আপনার জন্য শুভকামনা।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার
- এমবিবিএস, ডিপিএম
- অধ্যাপক, মানসিক ও স্নায়ু রোগ বিভাগ
- ইউএসটিসি, চট্টগ্রাম।

