প্রশ্ন: দুই বছর আগে আমার মানসিক রোগ ওসিডি হয়। তারপর ডাক্তারের পরামর্শে সেট্রা ১০০ খাই। তাতে ভালো হই। এখন কোনো ঔষধ খাই না। এখন আমার ঘন ঘন মন পরিবর্তন হয়, কারো সাথে মিশতে পারি না। সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারি না, সব সময় ভবিষ্যত নিয়ে ভীত থাকি। কাজ ভালো লাগে না শুধু ঘরে শুয়ে থাকি, কোনো কাজ করে যখন হতাশ হই, তখন আত্মহত্যা করতে মন চায়। আমি এখন ২য় স্ত্রীর সাথে সংসার করছি। এই বউ আমার পছন্দ নয়, ১ম স্ত্রীকে ভুলতে পারি না। এখন আমি কী করব? আবু আবদুল্লাহ, যশোর।
অধ্যাপক ডা. আব্দুল হামিদ: প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনার ঘন ঘন মন পরিবর্তন হয়। এটির মানে যদি এরকম হয় যেকোনো বিষয়ের প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে, দুঃখভাব বেশি হয়, অশান্তি বেশি হয়। (বাক্য অসমাপ্ত) আপনি বলেছেন যে আপনার মধ্যে আত্মহত্যা প্রবণতা কাজ করে। ওসিডির সাথে অনেক সময় ডিপ্রেশন সম্পর্কিত থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে আপনি ডিপ্রেসিভ ডিজঅর্ডারে ভুগছেন। আপনি দ্রুতই আবার একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আপনার ঔষধের ডোজ বাড়াতে হতে পারে। আপনার বৈবাহিক জীবন নিয়েও অশান্তি আছেন। এজন্য আপনার সাইকোথেরাপি এবং সিবিটি দরকার। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. আব্দুল হামিদ
- সাবেক পরিচালক,
- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।



