প্রশ্ন: আমার নাম তাহমিনা। বয়স ৩৫ বছর। আমার সমস্যা হলো প্রায় দুই মাস ধরে কোনো কাজকর্ম করতে পারছি না। সবসময় দুর্বল লাগে, মনে হয় শুয়েই থাকি। কারো কোনো কথা ভালো লাগে না, অল্পতেই রেগে যাই। কোথাও যেতে মন চায় না। সহজ কাজও অনেক কঠিন মনে হয়। কিছুদিন আগেও আমি এমন ছিলাম না। কেন এমন হয়ে যাচ্ছি? মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। ডাক্তার দেখিয়েছিলাম তিনি কিছু টেস্ট দিয়েছিলেন। রিপোর্ট নরমাল আসায় তিনি বলেছেন আমার কোনো সমস্যা নেই, এটা আমার মনের সমস্যা। মনের সমস্যা হলে শরীরে কেন শক্তি পাই না? কীভাবে আমি আগের মতো হতে পারব, দয়া করে পরামর্শ দিবেন।
অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার: তাহমিনা আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি দুই মাস ধরে কোনো কাজকর্ম করতে পারছেন না। সবসময় দুর্বল লাগে। মনে হয় শুয়েই থাকেন। অল্পতেই রেগে যাচ্ছেন। কোথাও যেতে মন চায় না। সহজ কাজও অনেক কঠিন মনে হয়। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। আপনার উপসর্গগুলো শুনে মনে হচ্ছে আপনি ডিপ্রেসিভ ডিজঅর্ডারে ভুগছেন। ডিপ্রেশনে মস্তিষ্কে বিভিন্ন কেমিক্যালের পরিবর্তন হয়। ল্যাব টেস্টে সাধারণত সেটা ধরা পড়ে না। তার মানে এই নয় যে আপনি অসুস্থ নন। মনঃকষ্টের সঙ্গে শারীরিক কষ্ট এবং শারীরিক কষ্টের সঙ্গে মনঃকষ্ট ওতপ্রোতভাবে জড়িত। উল্লেখ্য যে, মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। আপনার জন্য ওষুধ ও সাইকোথেরাপি প্রয়োজন। আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনার উপসর্গ, বয়স, ওজন ইত্যাদি বিবেচনা করে ওষুধ দেবেন ও অন্যান্য সাইকোলজিকাল ইন্টারভেশনের ব্যবস্থা করবেন।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার
- এমবিবিএস, ডিপিএম
- অধ্যাপক, মানসিক ও স্নায়ু রোগ বিভাগ
- ইউএসটিসি, চট্টগ্রাম।

