সারা শরীরে ব্যথা নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন আশরাফ সাহেব। জেনারেল প্র্যাকটিশনার থেকে শুরু করে মেডিসিন, নিউরোলজি, বাতরোগ বিশেষজ্ঞ-কাউকে দেখানো বাকি রাখেননি। হরেক রকম টেস্ট করিয়েছেন। এমআরআই-টা শুধু বাকি আছে। দেশের ঔষধ সব খাওয়া শেষ। ভাবছেন বাকি পরীক্ষা এবং ঔষধের জন্য আর দেশে না, ইন্ডিয়া বা সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসবেন। দেশের ডাক্তারেরা রোগই ধরতে পারল না, তাই এখানে আর পরামর্শ নিতে বিশেষ ভরসা পাচ্ছেন না তিনি। এর মাঝেই এক ডাক্তার তাকে বললেন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে। তিনি দেশের শেষ চিকিৎসা হিসেবে গেলেন সাইকিয়াট্রিস্টসের কাছে যিনি তার ডায়াগনোসিস করলেন ‘সোমাটিক সিম্পটম ডিজঅর্ডার’।
সোমাটিক সিম্পটম ডিজঅর্ডার এমন একটি মানসিক রোগ যেখানে রোগী এমন এক বা একাধিক শারীরিক সমস্যা অনুভব করে যার কোনো শারীরিক উৎস নেই। শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে বা ইনভেস্টিগেশন করে কোনো রোগের সূত্র পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় তবে দেখা যায় মূল রোগের চেয়ে রোগের চিন্তা রোগীকে অনেক বেশি কাহিল করে ফেলেছে। এই ধরনের রোগীদের চিন্তাজুড়ে থাকে রোগের ভীতি। তার সমস্ত আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে রোগের চিন্তা এবং সে প্রচুর অর্থ ব্যয় করে রোগ সন্ধানে। এক সময় ব্যক্তি এত বেশি শ্রম আর অর্থ ব্যয় করে ফেলে যে ব্যক্তি ও পরিবার হতাশ হয়ে পড়ে। ফলশ্রুতিতে ব্যক্তির মধ্যে সোমাটিক সিম্পটম ডিজঅর্ডার ছাড়াও উদ্বিগ্নতা বা বিষণ্ণতা রোগ দেখা দেয়।
এই রোগটি অনেকখানি নির্ভর করে শৈশব থেকে ব্যক্তি কোন পরিবেশে বড়ো হয় তার ওপর। যদি একজন শিশু-রোগ বালাই নিয়ে অহেতুক ভীতিকর পরিবেশে বড়ো হয় বা সামান্য অনুভূতিতেও অতিরিক্ত সেনসিটিভ হয়ে যায় সেক্ষেত্রে বড়ো হয়ে তার মধ্যে সোমাটিক সিম্পটম ডিজঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জেনেটিক কারণ এবং নেগেটিভ পারিপার্শ্বিকতাও এ রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে
এই রোগের চিকিৎসা কোনো ঔষধ দিয়ে করা হয় না কারণ ওষুধ রোগভীতি কমায় না। রোগীকে চিকিৎসা করার প্রথম ধাপ হলো রোগীকে আশ্বস্ত করা যে, এই রোগের কোনো শারীরিক ভিত্তি নেই। রোগীকে নিয়মিত এক্সামিনেশনের মাধ্যমে চেকআপে রাখতে হবে। ডাক্তারের ফলোআপে রাখা এবং নিয়মিত শারীরিক অহেতুক পরীক্ষা-নিরীক্ষা করানো যাবে না। তবে রোগীর যদি সোমাটিক সিম্পটম ডিজঅর্ডার এর সাথে বিষণ্ণতা এবং উদ্বিগ্নতা রোগ থাকে তাহলে এর জন্য আলাদা করে চিকিৎসা করতে হবে।
অহেতুক রোগ ভীতি নয়, বরং রোগকে মনে করতে হবে জীবনেরই একটি অভিজ্ঞতা। সময়ের সাথে শারীরিক ও মানসিক উত্থান-পতন থাকবেই। এর সাথে মানিয়ে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
- ডা. রেদওয়ানা হোসেন
- সাইকিয়াট্রিস্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

