গবেষণাভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উদ্যোগে (ADHD) Attention Deficit Hyperactivity Disorder-এর ওষুধভিত্তিক গবেষণা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ২টা ৩০ মিনিটে নগরীর সারিন্দা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে “Pharmacological Interventions for ADHD: A Systematic Review and Dose–Effect Network Meta-analysis” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের সম্মাননা ও বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. কবির হাসান পারভেজ। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. দিল মো. সাজ্জাদুল কবির সবুজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. কবির হোসাইন। তিনি এডিএইচডি চিকিৎসায় বিভিন্ন ওষুধের কার্যকারিতা, নিরাপত্তা, ডোজভিত্তিক ফলাফল এবং সাম্প্রতিক গবেষণার তথ্য-উপাত্ত তুলে ধরেন। একই সঙ্গে রোগীভেদে উপযুক্ত ওষুধ নির্বাচন এবং প্রমাণভিত্তিক চিকিৎসার গুরুত্বও আলোচনা করেন।
আলোচনায় বিশেষজ্ঞ প্যানেল হিসেবে অংশ নেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সোহেল আল মুজাহিদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফয়সাল রাহাত এবং একই বিভাগের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. আসিফ নওয়াজ।
সেমিনার শেষে সম্প্রতি ইন্টার্নশিপ সম্পন্ন করা চিকিৎসকদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তাঁদের ভবিষ্যৎ পেশাজীবনের সাফল্য কামনা করা হয় এবং চিকিৎসাসেবায় নৈতিকতা, মানবিকতা ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

