২০২৬ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক বগুড়া জেলার হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো: খুরশীদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শতাধিক হজযাত্রীর উপস্থিতিতে সিভিল সার্জন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও টিকাদান পরবর্তী করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. মো: খুরশীদ আলম বলেন, “সুস্থতা স্রষ্টার দেওয়া এক বিশেষ নেয়ামত এবং একে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দীর্ঘমেয়াদি কোনো অসুস্থতা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো টিকা গ্রহণ করা সুচিকিৎসার পাশাপাশি স্রষ্টার ওপর ভরসা রাখারই একটি অংশ।”
তিনি আরও গুরুত্বারোপ করেন যে, প্রত্যেক হজযাত্রীকে আবেদনপত্রে উল্লিখিত নির্দিষ্ট জেলা থেকেই নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি হজযাত্রীদের সুস্থতা ও নিরাপদ হজের জন্য শুভকামনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়য় স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ বিষয়ক ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক। অনুষ্ঠান শেষে হজযাত্রীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. মো: আজিজুল হাকিম বাপ্পা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এ বছর হজযাত্রীদের জন্য সিভিল সার্জনের কার্যালয় এবং ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী সদর হাসপাতালে নিয়মিতভাবে টিকাদান কার্যক্রম চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজযাত্রীকে এই সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন-

