প্রশ্ন: আমি অনামিকা (ছদ্মনাম), আমার বয়স ৩২ বছর। পাঁচ বছর ধরে একজনের সাথে রিলেশন ছিল। আমি তার জন্য আমার ক্যারিয়ার, ভালো বিয়ের প্রস্তাব, মূল্যবান সময় হারিয়েছি। আমার পরিবার অনেক চেষ্টা করেছে আমাকে বিয়ে দেয়ার জন্য। কিন্তু আমি রাজি হইনি। এখন তারা আমাকে ভালো চোখে দেখে না। ক্যারেক্টার লেস মনে করে। যার জন্য এত কিছু সে আমাকে শূন্য হাতে রেখে চলে গেছে। এখন আমি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছি। প্রতি মুহূর্ত মরে যেতে ইচ্ছে করছে। আত্মহত্যাই সমাধান মনে হয়। আমি এখন কী করতে পারি, দয়া করে জানাবেন। অনামিকা (ছদ্মনাম), ঢাকা।
অধ্যাপক ডা. সুলতানা আলগীন: মানুষ হিসেবে আপনি কাউকে ভালোবাসতেই পারেন। আপনি একজনকে ভালোবেসে নিজের ক্যারিয়ার, মূল্যবান সময়, ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যদিও সে আপনাকে বিয়ে করেনি বা আপনার সাথে সম্পর্কটাকে স্থায়ী করেনি। তার এতে অনীহা বা আপনার সাথে সম্পর্ককে স্থায়ী করতে দ্বিমত ছিল।
কিন্তু যতক্ষণে আপনি বুঝতে পেরেছেন সে আপনার থেকে দূরে চলে গেছে। নিজের ভালোবাসার মানুষ হারালে যে কেউ কষ্ট পাবে এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে ভাবতে হবে, একজন মানুষকে আপনি ভালো বেসেছিলেন-যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। সে আপনার কাছে বেশি মূল্যবান হবে নাকি আপনার জীবন এবং আপনার স্বজন। আপনার মা-বাবা কষ্ট করে লালন-পালন করে আপনাকে বড়ো করেছেন। একজনের ভালোবাসার তুলনায় তাদের ভালোবাসা তুচ্ছ নাকি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে ভাবতে হবে। সবচেয়ে বড়ো কথা হলো সে আপনাকে ঠকিয়েছে। এখন তাকে ভেবে ভেবে আপনার জীবন শেষ করে দিলে লাভ কী হবে? কার হবে? কারোরই কোনো লাভ হবে না। সুতরাং নিজের জীবনের কথা ভাবুন। মা-বাবা, আত্মীস্বজনসহ আরো যত ভালোবাসার মানুষ আছে তাদের কথা ভাবুন। এরপরও মনোকষ্ট দূর করতে না পারলে, দুশ্চিন্তা হলে বা আত্মঘাতি চিন্তা মাথা থেকে সরাতে না পারলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেন। প্রফেশনাল সাহায্য নিলে আশা করি সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সুলতানা আলগীন
- অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়



