প্রশ্ন: স্যার, আমার নাম রফিক। বয়স ৪৭ বছর। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ১৫ বছর ধরে খুব সুনামের সাথে এবং সততার সাথে আমার দায়িত্ব পালন করেছি। এজন্য সবাই আমাকে অনেক সম্মান করে। কোনো ধরনের অন্যায় বা অনিয়ম আমি নিজেও করিনি আর কেউ করলে তার প্রতিবাদ করে থাকি। সমস্যা হলো আমাদের প্রতিষ্ঠানে ৪/৫ বছর আগে একজন জয়েন করেছেন। তিনি অনেক অনিয়ম করেছেন, অনেকের কাছ থেকে অনেক টাকাও নিয়েছেন; যা সম্পূর্ণ বেআইনি। বিষয়টা আমার নজরে আসার পর আমি এ ব্যাপারে কথা বলতে লাগলে উনি আমার ওপর রেগে যান আর নিজেকে বাঁচাতে আমার ওপরই দোষ দেয়ার চেষ্টা করেন। তবে কোনো লাভ হয়নি। কিন্তু এরপর থেকে আমার মনে সবসময় একটা ভয় কাজ করে। এরকম সন্দেহ কাজ করতে থাকে যে, আবার যদি সে আমাকে বিপদে ফেলার চেষ্টা করে, কোনো কারণে যদি আমার দুর্নাম রটায়। এই সন্দেহ আর ভয়ে আমি সবসময় খুব অস্থির থাকি। আমার খাওয়া-দাওয়া, কাজকর্ম সব ওলটপালট হয়ে গেছে। রাতেও ঘুমাতে পারি না। আমি এখন অফিসের কাউকেই বিশ্বাস করতে পারি না। সবাইকে সন্দেহ হয়। মনে হয় কাউকে কিছু বললে সে আমার ক্ষতি করবে। গত একবছরে আমার শরীর-মন খুব ভেঙে গেছে, আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। এর প্রভাব আমার পরিবারেও পড়েছে। এটা কি আমার মানসিক সমস্যা নাকি আসলেই আমি পাগল হয়ে যাব? আমি এই অস্থিরতা থেকে মুক্তি চাই। আমাকে কী করতে হবে। সমাধান দিবেন।
অধ্যাপক ডা. মাহমুদ হাসান: ধন্যবাদ রফিক আপনার প্রশ্নের জন্য। এটা একটা বিশেষ মানসিক অবস্থা যাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) বলে। আর এটা আপনার ভুল ধারণা যে, আপনি পাগল হয়ে যাচ্ছেন। পাগল নামে ডাক্তারি কোনো শব্দ নেই। আমি জানি না আপনার ঘুমের কী অবস্থা এবং কেমন প্রভাব পড়ছে আপনার পরিবারের ওপর। তবে এটা নিশ্চিত আপনি কিছুটা হলেও বিষণ্ণ এবং অনেকটা অস্থির। আপনি Tab. Nexito (5mg) সকালে একটা করে খেতে পারেন এবং যেকোনো মনোচিকিৎসক অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিংয়ের সাহায্য নিতে পারেন। তাতে আপনি খুব শীঘ্রই এই অবস্থা কাটিয়ে উঠতে পারবেন এবং অফিসের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মাহমুদ হাসান
সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলাদেশ মেডিক্যাল কলেজ।

