প্রশ্ন: আমার মেয়ের বয়স দুই বছর চার মাস। সে এখন প্রায় সব কথা বলতে পারে। যেটা শোনে সেটা বলতে পারে। অনেকদিন আগে দেখা কিছুও মনে রাখতে পারে। সবকিছু বুঝতে পারে। চলাফেরাও করে খুব হিসেব করে যেমন ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে সেই কাজগুলো করে না বা সাবধানে করে। কোনো জিনিস কোথাও থেকে নিলে আবার সেখানেই রেখে দেয় প্রায় সময়। এমনকি গল্পের বইয়ের নাম বললে ও সেটা চিনে বের করতে পারে। নিজেও নামগুলো বলতে পারে। কিন্তু ও রঙের নাম মনে রাখতে পারে না। মনে রাখার জন্য ওকে চাপ দিই না। কিন্তু দুই বছরের পর থেকে খেলাচ্ছলে ওকে তিন/চারটা রঙের নাম শেখানোর চেষ্টা করি। আর ভিডিওতেও তো কিছু দেখাই। কিন্তু ও কিছুতেই রঙের নাম মনে রাখতে পারে না। ওর বাদবাকি অ্যাক্টিভিটির সাথে তুলনা করলে এটা একটু অস্বাভাবিক লাগে। এখন আমি ওকে তিনটাও না শুধু লাল রঙটাই চেনানোর চেষ্টা করি, লাল রংয়ের জিনিসগুলো দেখাই। কিন্তু তারপরও দেখছি লালকে হয়ত সবুজ বলছে। এটা কি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু?
সাবিহা ইয়াসমিন, মিরপুর।
পরামর্শ: প্রশ্নের জন্য শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি আপনার বাচ্চার ছোটখাটো বিষয়গুলি মনোযোগ দিয়ে দেখছেন এবং সেগুলো বোঝার চেষ্টা করছেন। আমাদের দেশের বাবা-মায়েরা অনেক সময়ই বাচ্চাদের ছোটখাটো সমস্যা চিহ্নিত করতে পারেন না বা বুঝতে পারেন না বা অনেক দেরিতে বুঝতে পারে। সে জায়গায় আপনি বেশ শুরুতেই আপনার বাচ্চাকে অবজারভ করছেন সেজন্যও আপনাকে ধন্যবাদ। আপনার বাচ্চার ক্ষেত্রে যেটি বলেছেন আপনার বাচ্চা অন্য অনেক কিছুই ভালো বুঝতে পারে তাই রংয়ের ব্যাপারটি যে সে বুঝতে পারছে না ব্যাপারটি সেরকম না। যেহেতু সে লাল বললে সবুজ দেখাচ্ছে, তার মানে সে রংয়ের নাম বুঝতে পারলেও কোনটা লাল আর কোনটা সবুজ নামের সাথে সেটা সমন্বয় করতে পারছে না। একটু ধৈর্য ধরুন। ওকে প্রতিদিন একটি করে রং চেনান। একটি পরপর তিন চারদিন ধরে চেনান। এভাবে সে যখন একটি রঙ ভালোভাবে চিনতে পারবে তখন তাকে দ্বিতীয় রংটি চেনান। মৌলিক রংগুলো দিয়েই শুরু করুন, যেমন: সাদা, লাল, কালো সবুজ। তারপর অন্যগুলো নিয়ে প্র্যাক্টিস করাবেন। তারপরও যদি আপনার মনে হয় যে ওর অন্য সব আচরণের সাথে এটি মোটেই সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তাহলে আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। তিনি আপনার বাচ্চার সবকিছু নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

