সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় বহ্নিশিখা-গ্রীন ভয়েস আয়োজিত সাত দিনব্যাপী “আত্মরক্ষা কৌশল এবং আত্মবিশ্বাস উন্নয়ন” প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ কর্মসূচির শেষ দিনে (শনিবার) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল অনুশীলনের পাশাপাশি অংশ নেয় মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনায়।
সমাপনী দিনে আলোচনায় অংশ নেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী)। তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা নিয়ে কথা বলেন এবং আত্মহত্যা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন— “আত্মহত্যা একমাত্র মৃত্যু যা আমরা প্রতিরোধ করতে পারি। জীবনের সমস্যাগুলো মোকাবিলা করে টিকে থাকার মধ্যেই আসল শক্তি।”
আলোচনায় শিক্ষার্থীদের কাছ থেকেই আত্মহত্যা প্রতিরোধের নানা সমাধান উঠে আসে, যেমন— সমস্যাগুলো পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করা, থেরাপিস্টের সহায়তা নেওয়া, স্বামীর সঙ্গে সমন্বয় করা বা প্রয়োজনে আলাদা হয়ে যাওয়া, অত্যাচার সহ্য না করে আইনি সহায়তা নেওয়া এবং ধৈর্য্য ধারণ করা ইত্যাদি। ফারজানা ফাতেমা আলোচনার শেষে বলেন— “সব সমস্যার সমাধান আছে, আত্মহত্যা কখনোই সমাধান নয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও গ্রীন ভয়েসের উপদেষ্টা প্রফেসর হাসনাৎ জাহান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আব্দুল্লাহ আবু তারেক, সিনিয়র প্রফেসর ড. রঞ্জিত পোদ্দার, প্রফেসর ড. শাহবাজ রিয়াদ, আলমগীর হোসেন মিঞা ও মলয় কুমার সাহা। সভাপতিত্ব করেন আবু সাইদ এবং সঞ্চালনায় ছিলেন জান্নাতুল নাঈম নীলা ও কাজী ইসরাত আরা এষা।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, সহ-সমন্বয়ক ফাহমিদা নাজনীন, বাংলাদেশ তাইকোয়ানদো অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক স্বপ্না কীর্তনীয়া (জ্যোতি) এবং রাহমাতুল্লাহ নিশান।গ্রীন ভয়েস, টিটিসি শাখার সাধারণ সম্পাদক বীথি মালা, বহ্নিশিখার অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারজানা ফেরদৌস ঐশী, সাধারণ সম্পাদক মার্জিয়া হকসহ গ্রীন ভয়েস ও বহ্নিশিখার অন্যান্য সদস্যরা। সাত দিনব্যাপী এই কর্মসূচি শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল শিখিয়েছে, আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং মানসিক চাপ মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক আলোচনা শিক্ষার্থীদের ইতিবাচকভাবে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে।
আরও পড়ুন-



