ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও উৎসবের আবহে গত ১৪ এপ্রিল ২০২৬ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর উদ্যোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘বাংলা নববর্ষ ও হালখাতা’ উদযাপিত হয়েছে। দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানস্থলকে দেশীয় লোকজ সাজে নান্দনিকভাবে সজ্জিত করা হয়। দেশীয় ঐতিহ্যের স্মারক হিসেবে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের স্টল, যা আমন্ত্রিত অতিথিদের নজর কাড়ে। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মনোরোগ বিশেষজ্ঞরা নিজেদের সাংস্কৃতিক প্রতিভার প্রতিফলন ঘটান।
নববর্ষ উদ্যাপনের পাশাপাশি এদিন আনুষ্ঠানিকভাবে “বিএপি স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাসব্যাপী চলমান এই ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সিনিয়র ও জুনিয়র সাইকিয়াট্রিস্টদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। পেশাগত ব্যস্ততার বাইরে সুস্থ বিনোদন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই স্পোর্টস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বিএপি-র জ্যেষ্ঠ সদস্যবৃন্দ থেকে শুরু করে নবীন চিকিৎসকরা বিভিন্ন ঐতিহ্যবাহী আচারে অংশ নেন। উপস্থিত বিশেষজ্ঞরা জানান, এ ধরনের উৎসব কেবল আনন্দই দেয় না, বরং চিকিৎসক সমাজের মধ্যে পারস্পরিক সমন্বয় ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে। আনন্দঘন পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এবারের পহেলা বৈশাখ উদ্যাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে আনন্দিত হয়ে ধন্যবাদ ব্যক্ত করেন বিএপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. নিজাম উদ্দিন।


