রাজধানীর বনানীস্থ নৌবাহিনী সদরদপ্তরে বিএন লেডিস ক্লাব ঢাকার ব্যবস্থাপনায় আত্মউন্নয়ন ও সুস্থ জীবনধারা বিষয়ক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ মন, সুস্থ জীবন’ মূল প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিশেষ শিরোনাম ছিল ‘মনে নেওয়া নাকি মেনে নেওয়া: পারিবারিক সুখের রহস্য’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এবং বিএন লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নাদিয়া সুলতানা।
পারিবারিক সুখ ও মানসিক প্রশান্তির নানা দিক নিয়ে সেশনে আলোচনা করেন মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহাবুবা রহমান, ন্যাশনাল ইন্সটিটিউট ইফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী’র চাইল্ড এডোলেসেন্ট এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুসরাত জাহান তানজিলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জোহরা পারভীন।
নৌবাহিনীর জীবনের প্রেক্ষাপটে দাম্পত্য জীবনের বিভিন্ন জটিলতার কথা উল্লেখপূর্বক গুরুত্বপূর্ন আলোচনা করেন ডা. মাহাবুবা রহমান। তিনি বলেন, প্রয়োজনে দুইজন মানুষকে দুই জায়গায় থাকতে হতে পারে, কিন্তু দূরত্ব মানেই যে আবেগের ঘাটতি বা দূরত্ব মানেই যে ভালোবাসার ঘাটতি—তা নয়। বরং দূরে থেকেও একে অপরকে ভালোবাসা যায়, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাস রাখা যায়। সম্পর্কের জটিলতাগুলো উন্নয়নে বিভিন্ন রকমের কৌশল নিয়েও আলোচনা করেন তিনি।
বক্তারা তাঁদের আলোচনায় পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিরসনে ‘মেনে নেওয়া’ এবং ‘মনে নেওয়া’র মধ্যকার মনস্তাত্ত্বিক পার্থক্যগুলো তুলে ধরেন। সুস্থ জীবনধারার জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া যে অপরিহার্য, তা বিশেষজ্ঞগণ বৈজ্ঞানিক ও ব্যবহারিক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন। বর্তমান সময়ের ব্যস্ত জীবনে কীভাবে আত্মউন্নয়ন এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
পুরো সেশনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ। বিএন লেডিস ক্লাবের সদস্যগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা বিশেষজ্ঞদের সাথে শেয়ার করেন। উপস্থিত সদস্যরা এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং একে দৈনন্দিন জীবনের মানসিক চাপ মোকাবিলায় অত্যন্ত সহায়ক বলে অভিহিত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি নাদিয়া সুলতানা তাঁর বক্তব্যে সেশনের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বিশেষ অতিথি ও বক্তাদের হাতে তাঁদের চমৎকার ও তথ্যবহুল আলোচনার জন্য সম্মাননা পুরস্কার তুলে দেন। পারিবারিক ও সামাজিক জীবনে সুস্থ মন ও সুস্থ জীবনধারার চর্চা অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন:

