প্রশ্ন: প্রিয় স্যার, আমার নাম নিলয়। আমার বয়স ১৬ বছর। আমি সব সময় অপ্রাসঙ্গিক চিন্তা করি। আমি কোনো কাজ এমনকি লেখাপড়ায় মনযোগ দিতে পারছি না। আমার স্মরণশক্তিও অনেক কমে গেছে। আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আমাকে একটু পরামর্শ দিন প্লিজ।
অধ্যাপক ডা. এম এ সালাম: নিলয় আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যে অপ্রাসঙ্গিক চিন্তার কথা বললেন, এটি অবসেশনের জন্য হয়ে থাকে। অবসেশন হলো এমন একটা চিন্তা যেটা রোগী অনেক সময় বোঝে আবার বোঝে না। ইচ্ছার বিরুদ্ধে মনের মধ্যে ঢুকে পড়ে, সেটাকে বাধা দিতে বা নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার যদি আর কোনো উপসর্গ না থাকে তবে এটিকে অবসেসিভ কম্পালসিভের উপসর্গ বলা যায়। এই সমস্ত চিকিৎসায় আমরা ঔষধ এবং পরামর্শ দিই। ঔষধের পাশাপাশি এ ধরনের ক্ষেত্রে আমরা বিহেভিয়ার থেরাপি সাজেস্ট করি। বিহেভিয়ার থেরাপির জন্য একজন সাইকোলজিস্টের কাছে যেতে হবে। তার নির্দেশমতো চললে অপ্রাসঙ্গিক চিন্তা দূর হবে এবং ঔষধের মাধ্যমে মূল উপসর্গগুলো নিরাময় হবে।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. এম. এ সালাম
- সাবেক অধ্যাপক ও ইউনিট প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ,
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

