প্রশ্ন- আমি নিলয়, আমার বয়স ২৭ বছর। আমার শুধু সারাক্ষণ কোনো না কোনো অতীতের ঘটনা মনে পরে, এর ফলে নিজে নিজেই কথা বলে ফেলি, এমনিতেই ইন্ট্রোভার্ট। একটা বিষয় লক্ষ করে দেখছি আমার ব্রেইন সারাক্ষণ কিছু না কিছু চিন্তা করে। এর থেকে নিস্তার পাওয়ার উপায় কী? এই সমস্যা আমার বন্ধুদের সাথে শেয়ার করলে তারা বলছে এটা নাকি মানসিক সমস্যা। আমি এখন কী করতে পারি? কেনো হচ্ছে আমার এমনটা একটু জানালে ভালো হতো।

পরামর্শ- ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। শরীর ও মন নিয়েই আমাদের অস্তিত্ব। চিন্তা মনেরই অংশ। স্বাভাবিক গঠনমূলক চিন্তা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড সুচারু রূপে সম্পাদন করতে সাহায্য করে। আর অস্বাভাবিক চিন্তা স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। প্রকৃতিপক্ষে চিন্তা আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা-কোনো কারণে এটা উল্টে গেলে অর্থাৎ চিন্তাই আমাদেরকে নিয়ন্ত্রণ করলে সেটা অসুখের পর্যায়ে পরে। চিন্তা যেহেতু মনের অংশ কাজেই আপনি মনের অসুখ তথা মানসিক অসুখে ভুগছেন: এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ভয় নেই কারণ এই অসুখের বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আছে।
চিকিৎসার জন্য আপনার আরো কিছু তথ্য জানার প্রয়োজন ছিল-যেমন: ঘুম কেমন হয়, ওজন কত, অন্য কোনো অসুখ আছে কিনা ইত্যাদি। তবে আপাতত tab. Rilafin 50 সম সকালে খাবার পর একটা করে খেতে পারেন। ঔষধের পাশাপাশি চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন: চিন্তাকে থামিয়ে দেওয়া, বদলে দেওয়া বা মেনে নেয়ার অভ্যাস করা ইত্যাদি। সম্ভব হলে নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
প্রাক্তন বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ কুমিল্লা মেডিক্যাল কলেজ।


