বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় ১৯ নভেম্বর ২০২৬ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (NIMH) ঢাকায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অনুষ্ঠিত হয়েছে । আয়োজিত অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তি, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, সেবাকে আরও সহজলভ্য করা এবং সামাজিক ভ্রান্তি ও বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যক ‘ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ (Lived Experiences Heard: Real Voices, Real Change)—এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সমস্যার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের (PWLE) মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁদের অভিজ্ঞতাকে মানসিক স্বাস্থ্যবিষয়ক নীতিমালা প্রণয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য জরুরি বিষয়ক প্রধান ডা. অ্যান্থনি এশোফনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডা. সাইফুন নাহার।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং জাতীয় মানসিক স্বাস্থ্য সেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার প্রতিজ্ঞাবদ্ধ ।
তিনি বলেন, “আমরা সারা বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি এবং উন্নয়ন প্রকল্পের অংশীদারত্বের আওতায় মানসিক স্বাস্থ্যের জন্য একটি বিশেষ কর্মসূচি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এখনো একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এ দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ এবং শিশুদের ১২ দশমিক ৬ শতাংশ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। অথচ যাঁদের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন, তাঁদের প্রায় ৯১ থেকে ৯৪ শতাংশই প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা থেকে বঞ্চিত। এই চিত্র দেশে মানসিক স্বাস্থ্যসেবার ব্যাপক ঘাটতির বিষয়টি তুলে ধরে।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেদের জীবনযাপন, প্রতিকূলতা এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা সামাজিক ভ্রান্তি, সচেতনতার অভাব এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোর কথা আলোচনা করেন।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নিশ্চিত করতে যাঁরা সরাসরি এসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে কর্মসূচির বাস্তবায়ন ও মূল্যায়ন—প্রতিটি পর্যায়েই তাঁদের যুক্ত করা প্রয়োজন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সুস্থ সমাজ গঠনে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আমাদের সচেতনতামূলক কর্মসূচিগুলোতে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি এবং নিশ্চিত করতে পারি, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠে।”
তিনি মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেবা বিকেন্দ্রীকরণের আহ্বান জানান। পাশাপাশি জেলা পর্যায়ের মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সঙ্গে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের সংযোগ স্থাপনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। এর মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষও বিশেষজ্ঞদের পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এ ছাড়া মানসিক স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। তাঁর মতে, স্থানীয় বাস্তবতা ও প্রেক্ষাপটভিত্তিক গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত কার্যকর নীতিমালা প্রণয়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে। একই সঙ্গে সারা দেশে মানসিক স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে ভূমিকা রাখবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য জরুরি বিষয়ক প্রধান ডা. অ্যান্থনি এশোফনি নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিশ্রুতিকে স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি স্তরে সহজলভ্য ও মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবায় রূপান্তরের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “নীতিনির্ধারণী প্রতিশ্রুতি তখনই কার্যকর হবে, যখন তা মানুষের জীবনে পরিবর্তন আনবে। প্রতিটি মানুষ, যেখানেই থাকুন না কেন, যেন নিজ সম্প্রদায়ের মধ্যেই মানসম্মত, সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পেতে পারেন। এর অর্থ হলো—কমিউনিটিভিত্তিক ও মানুষকেন্দ্রিক সেবাকে শক্তিশালী করা, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যবিষয়ক ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং সামাজিক ভ্রান্তি ও বৈষম্য দূর করা, যা অনেক মানুষকে প্রয়োজনীয় সহায়তা নেওয়া থেকে বিরত রাখে।”
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবাকে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা, টেলিহেলথ সেবার পরিধি বাড়ানো এবং বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। এসব এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবার সুযোগ তুলনামূলকভাবে সীমিত হওয়ায় বিকল্প ও কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডা. সাইফুন নাহার টেলি-মানসিক স্বাস্থ্যসেবার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার মানুষের কাছে বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “টেলি-মানসিক স্বাস্থ্যসেবার মাধ্যমে এনআইএমএইচ এমন সব দুর্গম এলাকার মানুষের কাছে পৌঁছাচ্ছে, যেখানে সাধারণত মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদ্যমান বড় ব্যবধান কমিয়ে আনার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অনুষ্ঠানে সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবাব্যবস্থায় ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং সামাজিক কলঙ্ক ও বৈষম্য দূর করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।


