একবিংশ শতকের ভয়াবহ এবং নীরব ঘাতক হচ্ছে মানসিক স্বাস্থ্য সংকট। যে মানুষটিকে আমরা বাইরের থেকে দেখছি প্রাণখুলে হাসছেন, অথবা কারণে-অকারণে উচ্ছ্বাস ছড়াচ্ছেন, কিন্তু সেই মানুষটিই হয়তো ভেতরে ভেতরে ডুবে আছেন তীব্র হতাশা ও একাকীত্বে।
দীর্ঘসময়ের এই হতাশাই একসময় রূপ নেয় ভয়াবহ মানসিক অসুস্থতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক এক গবেষণায় বলছে, বিশ্বে প্রতি সাতজনের একজন মানসিক অসুস্থতায় আক্রান্ত। বাংলাদেশের প্রতি পাঁচজনে একজন কোনো না কোনো মানসিক সমস্যার শিকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়া অঞ্চলেই প্রায় ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত, যা এই অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ। অসুস্থ হলে যেমন চিকিৎসার মাধ্যমে তা নিরাময় করা সম্ভব, তেমনি মনের ক্ষত সারাতেও প্রয়োজন সঠিক পরিচর্যা ও চিকিৎসা। দুঃখজনকভাবে বলতে হয় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার অবকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকে্র ঘাটতি, সেখানে সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন মানসিক সমস্যা সমাধানের প্রথম আশ্রয়, আর এখানেই কার্যকর ভূমিকা রাখছে ‘মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ বা প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা। এর যোক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে সাধারণ মানুষ কতটা বিশেষজ্ঞদের মতো যৌক্তিক সমাধান দিতে পারবে?
এ বিষয়ে ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগে আক্রান্ত মানুষটির মনের কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের কথা ঠিকভাবে শোনা এবং প্রাথমিক মানসিক সহায়তা দেওয়ার জন্য সাধারণ মানুষেরও কিছু মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
মানসিক স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে শুরুতেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীন মনে করেন, মানসিক সমস্যা নীরব আঘাত হানার আগেই যদি প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত করা যায় এবং পাশে দাঁড়ানো যায়, তবে আত্মহননসহ যেকোনো বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীদের একটুখানি সহানুভূতি ও প্রাথমিক মানসিক সহায়তাই পারে একজন হতাশাগ্রস্ত মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। পরিশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উত্তম মানসিক সমস্যাগ্রস্ত মানুষদের।

