প্রশ্ন: আমার বয়স ৩১ বছর। আমি একজন গৃহিণী। গত এক বছর ধরে শরীর নিয়ে খুব বেশি চিন্তা করি। সামান্য মাথাব্যথা হলে মনে হয় ব্রেইন টিউমার হয়েছে, বুকে একটু ব্যথা হলে মনে হয় হার্ট অ্যাটাক হবে। ইতিমধ্যে অনেক পরীক্ষা করেছি। সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। তারপরও আমি নিশ্চিন্ত হতে পারি না। প্রতিদিন ইন্টারনেটে রোগের লক্ষণ খুঁজি। আমার পরিবারের সবাই বিরক্ত হয়ে গেছে। আমি কি মানসিক সমস্যায় ভুগছি?
সানজিদা আক্তার, কুমিল্লা
পরামর্শ: ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। হ্যাঁ, আপনার এটি একটি মানসিক রোগ, রোগের নাম ইলনেস অ্যাংজাইটি ডিজঅর্ডার (Illness Anxiety Disorder)। এই রোগে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট সিম্পটম বা কোনো একটা সমস্যাকে ধরে রোগী একেবারে সেই রোগের শেষ পর্যন্ত চিন্তা করে ফেলে এবং মনে মনে চিন্তা করে আমার মনে হয় বড়ো একটা রোগ হয়েছে। এটাকে বলে জাম্পিং টু দ্য কনক্লুশন (Jumping to the conclusion)। মানে চিন্তাটা জাম্প করে একেবারে শেষ পর্যন্ত চলে যায়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেই থাকে এবং পরীক্ষা-নিরীক্ষা করে আসলে কিছুই পাওয়া যায় না। যেহেতু এটা মানসিক রোগ, পরীক্ষা-নিরীক্ষা করে তো সমস্যা পাওয়ার কোনো সুযোগও নাই। বারবার এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার পরিবর্তন করতেই থাকে। আর এই সমস্যাকেই বলা হয় ইলনেস অ্যাংজাইটি ডিজঅর্ডার।
আপনার রোগের জন্য ওষুধও লাগবে এবং ওষুধের পাশাপাশি সাইকোথেরাপি বা কাউন্সেলিংও লাগবে। আপনার জন্য পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখান। যেকোনো মেডিক্যাল কলেজেও দেখাতে পারেন বা আপনি যদি ঢাকায় থাকেন তাহলে বিএমইউ (BMU) মানে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথেও দেখাতে পারেন। আর সামর্থ্য থাকলে প্রাইভেটেও দেখাতে পারেন। এর মধ্যে যদি সম্ভব হয় আপনি ট্যাবলেট নেক্সিটাল (Nexital) 5 mg সকালে একটা শুরু করতে পারেন। তবে দ্রুত চিকিৎসকের সাথে সরাসরি দেখা করাই ভালো। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
- অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ,
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


