মানসিক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চ্যাটবটের ব্যবহার দ্রুত বাড়ায় এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে এআইকে থেরাপিস্টের বিকল্প হিসেবে ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

প্রস্তাবিত ‘সেনেট বিল ৯০৩’-এ এআই চ্যাটবটকে সরাসরি মানসিক থেরাপি হিসেবে বাজারজাত করার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি লাইসেন্সধারী চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এআইয়ের মাধ্যমে চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ওপরও বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে। রোগীর থেরাপি-সংক্রান্ত তথ্য সংরক্ষণ বা প্রাথমিক স্বাস্থ্যসেবা বাছাইয়ে এআই ব্যবহারের আগে তার সম্মতি নেওয়াও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
আরো পড়ুন…
বিলটির সমর্থকদের মতে, এআই চিকিৎসকদের সহায়ক হতে পারে, তবে প্রশিক্ষিত থেরাপিস্টের বিকল্প হিসেবে ব্যবহারে ঝুঁকি রয়েছে। অন্যদিকে প্রযুক্তি খাতের কিছু সংগঠন মনে করছে, অতিরিক্ত নিয়ন্ত্রণ মানসিক স্বাস্থ্যসেবায় দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ কমিয়ে দিতে পারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সহায়তার জন্য চ্যাটবট ব্যবহারের প্রবণতা বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রযুক্তির কার্যকারিতা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।


