ডিমেনশিয়া মস্তিষ্কের এমন এক ধরনের সমস্যা যা মানুষের স্মৃতি, চিন্তা, আচরণ ও আবেগকে প্রভাবিত করে। বয়সের সাথে সাথে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ও হার বাড়তে থাকে। বিশ্বের নানা দেশের গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, ৬৫ বছরের অধিক বয়সি জনগোষ্ঠীর মাঝে মাঝারি থেকে গুরুতর স্মৃতিভ্রংশের হার ৫ শতাংশ, আর ৮৫ ঊর্ধ্ব মানুষের মাঝে এ হার ২০-৪০ শতাংশ পর্যন্ত। বাংলাদেশ আলঝেইমার্স সোসাইটির এক হিসেবে দেখা গেছে, ২০১৫ সালে বাংলাদেশে ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ এবং ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে নয় লাখ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
যেসব রোগের কারণে ডিমেনশিয়া হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আলঝেইমার্স রোগ। ১৯০৭ সালে জার্মান মানসিক রোগ বিশেষজ্ঞ অ্যালয়েস আলঝেইমার (Dr. Alois Alzheimer) এ রোগটির বর্ণনা করেন। পরবর্তিতে তার নামানুসারে এ রোগের নামকরণ করা হয়।
আলঝেইমার্স রোগের প্রাথমিক অবস্থায় রোগীর স্মৃতিশক্তি বিশেষত স্বল্পমেয়াদি স্মৃতি লোপ পেতে থাকে। রোগী সকালে কী খেয়েছেন তা দুপুরেই ভুলে যেতে পারেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাও মনে করতে পারেন না। পরবর্তিতে সময় ও স্থান সম্পর্কে বিভ্রান্তি দেখা দেয়, পরিচিত লোকজনকেও চিনতে অসুবিধা হয়। চিন্তাশক্তি, বোধ বা ভালো-মন্দ বিচারের ক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে থাকে, ফলে রোগীর জীবনযাপন এমনকি দৈনন্দিন কাজকর্ম করাও কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে রোগাক্রান্তরা নিজেদের শারীরিক যত্ন নিতেও অক্ষম হয়ে পড়েন এবং জীবনের সকল ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অনেকের আচরণ, আবেগ, মেজাজ ও ব্যক্তিত্বের পরিবর্তন হতে পারে। কেউ আবার বিষণ্ণতা ও সন্দেহবাতিকতার মতো মানসিক সমস্যায় আক্রান্ত হন। মস্তিষ্কের বিভিন্ন ইমেজিং পরীক্ষায় দেখা গেছে, রোগাক্রান্তদের মস্তিষ্কের আকার ছোটো হয়ে যায়, এর ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ বড়ো হয়, কর্টেক্স ও হিপ্পোক্যাম্পাস অংশের স্নায়ুকোষের ক্ষয় হতে থাকে। স্মৃতি-প্রক্রিয়ার সাথে জড়িত মস্তিষ্কের কিছু রাসায়নিক বা নিউরোট্রান্সমিটারের পরিমাণগত তারতম্য বিশেষত অ্যাসিটাইলকোলিনের কর্মক্ষমতায় ঘাটতি দেখা দেয়।
দ্রুত রোগ শনাক্ত করা অ্যালঝেইমার্স রোগ চিকিৎসার জন্য জরুরি। এ রোগের চিকিৎসার মূল লক্ষ্য রোগের অবনতির গতি ধীর করা এবং রোগীর জীবনযাপনকে যতটা সম্ভব সহজ ও সহনীয় করে তোলা। রোগ পুরোপুরি ভালো করে আগের অবস্থায় রোগীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কার্যকর কোনো চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি। তবে রোগীর উপসর্গ ও লক্ষণভেদে কিছু ক্ষেত্রে সেগুলো উপশমের বা নিয়ন্ত্রণের জন্য কার্যকর কিছু ঔষধ রয়েছে। সাম্প্রতিককালে কিছু ঔষধ আবিষ্কৃত হয়েছে যা স্মৃতিশক্তি কিছুটা ধরে রাখতে সহায়তা করে। এছাড়া রোগীদের আনুষঙ্গিক অন্যান্য মানসিক উপসর্গ যেমন, অনিদ্রা, হতাশা প্রভৃতির জন্য চিকিৎসকরা কিছু ঔষধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। বয়োবৃদ্ধ হওয়ার কারণে এদের আনুষঙ্গিক আরো শারীরিক রোগ থাকে, যেগুলোর চিকিৎসা অ্যালঝেইমার্স রোগের কারণে ব্যাহত হতে পারে। সে কারণে এসব রোগীর বিশেষ যত্ন ও সতর্কতা প্রয়োজন। রোগীর চারপাশের পরিবেশ তার উপযোগী করে গড়ে তুলতে হবে, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোগীকে একা কোথাও যেতে দেয়া উচিত হবে না। কারণ, রোগাক্রান্তের ভুলে যাওয়ার সমস্যার কারণে এরা পথ ভুলে হারিয়ে যেতে পারেন। রোগীর পকেটে সব সময় নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর সম্বলিত একটি কার্ড বা কাগজ রাখা ভালো, কোনো কারণে রোগী হারিয়ে গেলে তা কাজে লাগে।
- ডা. মুনতাসীর মারুফ
- সহকারী অধ্যাপক ও সাইকিয়াট্রি
- শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ।

