প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার বয়স ২৩ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রায় এক বছর ধরে একটি অদ্ভুত সমস্যায় ভুগছি। কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না। যত ভুলে থাকার চেষ্টা করি, ততই বারবার মনে আসে। এমনকি নামাজ পড়ার সময়, পড়াশোনা করার সময় বা কারও সঙ্গে কথা বলার সময়ও সেই একই বিষয় মাথার মধ্যে ঘুরতে থাকে। আমি জানি এগুলোর বেশিরভাগই তেমন গুরুত্বপূর্ণ নয়, তারপরও এগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক সময় নিজের ওপর খুব বিরক্ত লাগে। এই সমস্যার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না এবং রাতে ঘুমাতেও দেরি হয়। পরামর্শ দিলে উপকৃত হবো।
পরামর্শ: ধন্যবাদ আপনাকে আমার কাছে সমস্যার সমাধান চাওয়ার জন্য। আপনি স্পষ্টতই ওসিডি নামক মানসিক অসুখে ভুগছেন। আপনি নিজেই চিন্তাটাকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। আর একটু নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করুন। যেমন: যখন চিন্তা আসবে, তখন মনে মনে কুরআন শরীফের কোন সূরা বা অন্য কোন বিষয়ে পড়া, ছবি আঁকা বা কিছু লেখালেখি করা, ঘনিষ্ঠ কারো সঙ্গে কথা বলা, শরীরে ব্যথা দেয়াসহ সুবিধামতো যেকোনো পদ্ধতির মাধ্যমে চিন্তাকে প্রতিহত বা পরিবর্তন করা। এ ধরনের অপ্রয়োজনীয় চিন্তাকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভ্যাস করা। আপনি আপাতত Tab. Voxamin 50 mg ১ টা সকালে খাবার পর, Tab. Timex 25 mg ১ টা রাতে খাবার পর, Tab. Palimax ER 1.5 mg ১টা রাতে খাবার পর খেতে থাকেন। সম্ভব হলে নিকটবর্তী কোনো হাসপাতালের মনোরোগ বিভাগে বা কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
- প্রাক্তন বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ
- কুমিল্লা মেডিক্যাল কলেজ।

