প্রশ্ন: আসসালামুয়ালাইকুম। আমি একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করি। গত কয়েক মাস ধরে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আমার মন খারাপ থাকে। আগে যেসব কাজ করতে ভালো লাগত যেমন বন্ধুদের সাথে আড্ডা, মুভি দেখা, গান শোনা ইত্যাদি। এখন সেগুলোও করতে ইচ্ছা করে না। সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজে মন বসে না। পরিবারের সঙ্গে থাকলেও আনন্দ পাই না। আমি কি মানসিক চিকিৎসকের পরামর্শ নেব?
জুবায়ের, বগুড়া
পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মানসিক রোগীর ক্ষেত্রে পূর্বাপর ইতিহাস নিতে হয়। আমরা বলি লঙ্গিচ্যুডিনাল হিস্ট্রি (longitudinal history)। সেই ইতিহাসে আপনার রোগ কবে থেকে শুরু হয়েছে, আগে এরকম রোগ হয়েছিল কিনা, অন্যদের এই রোগ ছিল কিনা, আগে হয়ে থাকলে কীভাবে ভালো হয়েছিলেন–এই জিনিসগুলো দেখতে হয়। আপনি সেটা উল্লেখ করেন নাই। দ্বিতীয়ত, আপনি আপনার বয়সটাও উল্লেখ করেন নাই। বিবাহিত কি অবিবাহিত সেটাও কিন্তু আপনি উল্লেখ করেন নাই। পরিবারের সদস্য সংখ্যা কারা, কাদের সাথে থাকেন সেটাও কিন্তু আমি জানতে পারিনি। আপনার আরও কোন রোগ যেমন ডায়াবেটিস, প্রেশার, থায়রয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ এগুলো আছে কিনা সেটাও কিন্তু আমি জানি না। তবে আপনি যে সমস্ত লক্ষণের কথা বলেছেন, সেগুলো পড়ে আমার মনে হয় আপনি ডিপ্রেসিভ ডিসঅর্ডার (depressive disorder) অর্থাৎ বিষণ্ণতা রোগে ভুগছেন। ডিপ্রেশনের চিকিৎসা দুইটি পর্যায়ে করা হয়। একটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, আরেকটা হলো সাইকোথেরাপি। আমি বলবো আপনি প্রথমে ফারমাকোথেরাপি (pharmacotherapy) মানে ওষুধ দিয়ে চিকিৎসা করুন। সাথে যদি প্রয়োজন হয়, সেই চিকিৎসকই আপনাকে বলবেন যে আপনার সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগবে কিনা। তবে বিষণ্ণতার চিকিৎসা নেওয়া খুব জরুরি। আর পজিটিভ দিক হলো বিষণ্ণতার চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন এবং আপনি পুরোপুরি আবার সুস্থ, সক্ষম, সবকিছু করতে পারবেন। আমি আপনাকে পরামর্শ দিব আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন । আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
পরামর্শ দিয়েছেন
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলাম
- সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-বিএপি

