মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “Evidence Based Prevention for Youth” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে মাদকাসক্তি প্রতিরোধে তরুণদের জন্য প্রমাণভিত্তিক প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ, প্রফেসর অব সাইকোথেরাপি-সাইকিয়াট্রি ও ISSUP Bangladesh Chapter Chair ডা. এম এ মোহিত কামাল এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরো বলেন, “দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই আমরা একটি মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি তার বক্তব্যে বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে দেশের মাদক সমস্যা সমাধান সম্ভব নয়। এ কারণে অধিদপ্তর এখন প্রতিরোধমূলক উদ্যোগগুলোর কার্যকারিতা মূল্যায়নে বৈজ্ঞানিক গবেষণার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
ISSUP Bangladesh Chapter Chair ডা. এম এ মোহিত কামাল শিশুদের প্রতিকূল অভিজ্ঞতা (Adverse Childhood Experiences) কীভাবে তরুণদের মানসিক স্বাস্থ্য ও আচরণকে প্রভাবিত করে, সে বিষয়ে আলোচনা করেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান বলেন, মাদকাসক্তি শুধু আইন-শৃঙ্খলার বিষয় নয়; এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। তিনি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিরোধমূলক কর্মসূচির পরীক্ষামূলক বাস্তবায়নের আহ্বান জানান।
সেমিনারে মূলবক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং ISSUP Bangladesh Chapter-এর জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, মাদকনির্ভর ও ঝুঁকিপূর্ণ তরুণদের জন্য শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে পুনর্বাসন ও পুনরুদ্ধারকেন্দ্রিক সেবা চালু করা এখন সময়ের দাবি। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত প্রতিরোধমূলক কর্মসূচিগুলোর বৈজ্ঞানিক মূল্যায়নেরও আহ্বান জানান তিনি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতের পেশাজীবী, গবেষক, উন্নয়নকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক প্রতিরোধমূলক কর্মসূচির প্রসারে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিবছর ২৬ জুন জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। দিবসটির লক্ষ্য মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা।

