ডিমেনশিয়া রোগের আরেক নাম হলো ‘স্মৃতিভ্রংশ’ রোগ। এ রোগের ফলে স্মৃতি হারাতে থাকে মানুষ, তবে অতীতের চেয়ে বর্তমানের স্মৃতি ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকে। মানুষ মাত্রই স্মৃতিকাতর।
যেন জীবনের সুন্দরতম স্মৃতিগুলো নিয়েই মানুষ বাঁচে আর আনমনে হাসে। একবার ভাবুন তো সেই স্মৃতি যদি একদিন আচমকা হারিয়ে যায়, চিরচেনা বাড়ি ফেরার পথ যদি কোনোদিন অচেনা লাগে তখন জীবন কেমন হবে? আমাদের পক্ষে হয়ত সেই অনুভূতি বোঝা সম্ভব নয়। তবে আমাদের মনের ঘরে জমা স্মৃতির দরজা কখনো বন্ধ হয়ে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া।
ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ যা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ রোগে স্নায়ুকোষ, তথ্যবাহী স্নায়ুতন্ত্র ও স্নায়ুসংযোগ নষ্ট হয়ে যায়। মস্তিষ্কের যেসব স্থানে স্মৃতি সংরক্ষিত থাকে সেগুলিই প্রধানত আক্রান্ত হয় এই রোগে। এর ফলে রোগী কিছু মনে রাখতে পারেন না। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া মস্তিষ্কের এক ধরনের রোগ যা আলঝেইমার নামেও পরিচিত। তবে আলঝেইমার্স ও ডিমেনশিয়া রোগের মধ্যে বয়সভেদে পার্থক্য রয়েছে। ডিমেনশিয়ার কারণে যেকোনো বয়সেই স্মৃতি হারিয়ে যেতে পারে। অন্যদিকে আলঝেইমার্স রোগের সাথে বয়স বাড়ার একটি সম্পর্ক রয়েছে। সাধারণত ৬৫ বছর ও এর পর থেকেই এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। কিন্তু ডিমেনশিয়া ও আলঝেইমার্স উভয় রোগের ক্ষেত্রেই স্মৃতি হারিয়ে যায় বলে প্রায়শই এই দুটি অভিধা এক সাথে আলোচনা করা হয়। সেই দিক থেকে সেপ্টেম্বর মাসকে ডিমেনশিয়া ও আলঝেইমার্স সচেতনতা মাস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে।
ডিমেনশিয়ায় মস্তিষ্কের স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ওপর নির্ভর করে ভুলে যাওয়া ছাড়াও আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে, যেমন- ব্যক্তিত্বের পরিবর্তন, অসংযত আচরণ, অতিরিক্ত রাগ, সামাজিক যোগাযোগে অসুবিধা ইত্যাদি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫৫ মিলিয়নেরও বেশি! কোনো-কোনো কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে সে বিষয়ে সংস্থাটি একটি তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে- ৬৫ বছরের অধিক বয়স, উচ্চরক্তচাপ, প, ডায়বেটিস, অতিস্থূলতা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, বিষণ্ণতা ইত্যাদি। এছাড়াও ঘুমের সমস্যার সাথে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অনিদ্রা রোগের কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে কিনা তা দেখার জন্যে যুক্তরাষ্ট্রে ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৬২৮৪ জন ব্যক্তির উপর একটি Prospective Cohort Study পরিচালনা করা হয়। গবেষণায় Sleep Initiation Insomnia, Sleep Maintenance Insomnia এবং ঘুমের ওষুধ সেবনের সাথে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি নিরূপণের চেষ্টা করা হয়। গবেষণায় দেখা যায়- Sleep-initiation insomnia ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি ৫১% বাড়ায়, Sleep maintenance insomnia ৪০% বাড়ায় এবং দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবনে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি ৩০% বাড়ে!
তাই, ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে পর্যাপ্ত ঘুমাতে হবে। তবে অনিদ্রা থেকে বাঁচতে নিজেই ঘুমের ওষুধ খাওয়া ঠিক হবে না, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
Reference
Sleep Disturbances and Dementia Risk in Older Adults: Findings From 10 Years of National US Prospective Data Roger Wong, Margaret Anne Lovier American Journal of Preventive Medicine 64 (6), 781-787, 2023
- ডা. ফয়সাল রাহাত
সাইকিয়াট্রিস্ট

