জীবন ও জীবিকার প্রয়োজনে ছুটে চলেছি আমরা। ঘুম থেকে উঠে কোনোরকম সকালের নাস্তাটা সেরেই বেরিয়ে পড়ছি নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। দিনের প্রায় অধিকাংশ সময় ব্যয় করছি সেখানেই। সপ্তাহের ছুটির দিনটি ছাড়া প্রায় প্রতিটি দিনের রুটিনই এমন। হিসেব করলে দেখা যায় সপ্তাহে ৪০-৫০ ঘণ্টা কাটাতে হয় কর্মক্ষেত্রেই। কোনো কোনো পেশার ক্ষেত্রে তা আরো বেশি।
অতিরিক্ত কর্মঘণ্টা যেমন একটি সমস্যা তেমনি কাজের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর না হওয়াও একটি বড়ো সমস্যা। যেখানে দিনের অধিকাংশ সময় ব্যয় করছি সেখানে যদি কাজের পরিবেশ যথাযথ না হয় তাহলে একদিকে যেমন উৎপাদন ব্যাহত হয় তেমনি ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থারও অবনতি হতে থাকে। যা পরবর্তিতে উৎপাদনকে আরো অধিক মাত্রায় কমিয়ে দেয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এই কর্মপরিবেশ নিয়ে রয়েছে নানা শোষণ ও বঞ্চনার গল্প। তবে এই শোষণ ও বঞ্চনা যে শুধু আমাদের দেশেই হয় এমন নয়, পৃথিবীর নানা দেশেই রয়েছে কর্মপরিবেশ নিয়ে অসন্তুষ্টি। সুস্থতা হলো শারীরিক ও মানসিকভাবে ভালো থাকা। এক্ষেত্রে কর্মক্ষেত্র, সমাজ ও পারিবারিক জীবনে ভারসাম্য রেখেই মানুষকে চলতে হয়। কিন্তু এই কর্মক্ষেত্র যদি হয় শোষণের, যদি সেখানে প্রতিনিয়ত বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হয় তবে তা কখনোই ব্যক্তিকে মানসিকভাবে সুস্থ রাখতে পারে না।
কর্মক্ষেত্রে কর্মীরা সচরাচর বেশ কিছু সমস্যার মুখোমুখি হন যেমন-নিরাপত্তাহীনতা বিশেষ করে নারী কর্মীদের ক্ষেত্রে, দুর্বল ব্যবস্থাপনা, লিঙ্গ-বৈষম্য, সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব না দেয়া, অতিরিক্ত কাজের চাপ ও সময়, অবাস্তব লক্ষ্য, কর্মঘণ্টা অনুপাতে দুর্বল বেতন কাঠামো, অপর্যাপ্ত স্বাস্থ্যনীতি, নিয়মিত পদোন্নতি না-হওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণ ও মনোভাব, সহকর্মীদের সহমর্মিতার অভাব, কাজে যথাযথ পুরস্কার বা স্বীকৃতি না থাকা, চাকরি হারানোর ভয়, ন্যায় বিচারের অভাব, রাজনৈতিক লেজুড়বৃত্তি ও দলীয়করণ ইত্যাদি। তবে গবেষণায় দেখা গেছে কর্মীরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি বুলিং ও হয়রানির শিকার হন।
আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় শ্রমঘন শিল্প কারখানাগুলোতে বঞ্চনার মাত্রা আরো বেশি। স্বল্প মজুরি ছাড়াও শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটে। দেশের পোশাকশিল্পে কর্মরত ৪০ লাখেরও বেশি শ্রমিকের অধিকাংশই নারী। অথচ নারী শ্রমিকরা বেশি ঝুঁকিতে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকরা নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি বা সেবা কম পেয়ে থাকেন। এসব বৈষম্য, বঞ্চনা ও অন্যান্য নেতিবাচক কাজের পরিবেশ কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে দেয়।
গবেষণায় দেখা গেছে কর্মক্ষেত্রে প্রায় প্রতি ৭ জনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। নারী কর্মীদের মধ্যে এর সম্ভবনা দ্বিগুণ, বিশেষ করে যারা পূর্ণ দিবস কাজে থাকেন। মানসিক রোগের মাঝে সচরাচর বেশি পরিলক্ষিত হয় ডিপ্রেশন বা বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগ। অনেকের আবার বিষণ্ণতা এবং উদ্বেগ দুটিই একই সঙ্গে থাকতে পারে। কর্মক্ষেত্রে বিভিন্ন চাপ ও নানাবিধ বৈষম্য এর জন্য অনেকটাই দায়ী।
ডব্লিউএইচও-এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগে বিশ্ব অর্থনীতিতে ১ ট্রিলিয়ন ইউএস ডলারের মতো উৎপাদন হ্রাস করছে। অর্থাৎ কর্মীদের এসব সমস্যা অর্থনীতিকেও করছে ব্যাহত। অনেকে কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন না, তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা খাপ খাওয়ানোর সমস্যা দেখা দিতে পারে, যাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট এর ডিজঅর্ডার। আবার অনেক সময় কর্মীরা বিশেষ করে নারী কর্মীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন যা তাদের মধ্যে চাপজনিত রোগ যেমন অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডার বা পরবর্তীতে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের কারণ হতে পারে। কর্মপরিবেশের চাপ তাদের মধ্যে ধীরে ধীরে যেমন মানসিক সমস্যার জন্ম দিতে পারে তেমনি বিভিন্ন হতাশাগ্রস্ততা থেকে মাদকদ্রব্য গ্রহণের দিকেও ব্যক্তিকে ঠেলে দিতে পারে। তাছাড়া কোনো ব্যক্তি যদি মানসিক রোগে আগে থেকেই ভোগেন তবে কর্মক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হলে তার এসব রোগ আরো বেড়ে যেতে পারে।
দীর্ঘমেয়াদি মানসিক চাপ মনোযোগে সমস্যা, ঘুমের সমস্যা, স্মরণশক্তি হ্রাস, ইত্যাদি মানসিক সমস্যার পাশাপাশি কিছু গুরুতর শারীরিক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ইত্যাদিরও কারণ হয়ে দাঁড়ায়। যা পরবর্তিতে মানসিক সমস্যাগুলোকে আরো জটিল করে ফেলে। সাধারণত যেসব কর্মী জরুরি সেবা বা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত তাদের মানসিক সমস্যায় পড়ার ঝুঁকি বেশি থাকে। তাদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগজনিত সমস্যা, নেশাদ্রব্যগ্রহণ ও আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়।
কর্মী ছাড়া কর্মক্ষেত্র অচল। তাই কর্মক্ষেত্রের মূল সম্পদও তারা। একথাও ঠিক যে, সুস্থ কর্মক্ষেত্র থাকলেই মানসিক সমস্যা হবে না, এমনটি নয়। এখানে মানসিক সমস্যা সম্পর্কে সচেতন থাকাটা জরুরি। কারণ মানসিক স্বাস্থ্য সমস্যা নীরব ঘাতকের মতোই ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষতি করতে থাকে। সচেতন থাকলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। তাই এইসব সমস্যা মোকাবিলায় কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। যেমন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, সর্বক্ষেত্রে বোঝাপড়ার উন্নয়ন, ঝুঁকি নিরূপণ ও প্রতিকারের ব্যবস্থা করা, মানসিক স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি, ইতিবাচক আচরণকে উৎসাহিত করা, মানসিক রোগ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করা, কর্মীদের মানসিক রোগে চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে মানসিক স্বাস্থ্যসেবা কর্মীদের নিয়ে নিয়মিত ঝুঁকি নির্ণয়ের ব্যবস্থা গ্রহণ করা।
কবির ভাষায় এ পৃথিবীর মহান ও চির কল্যাণকর যা কিছু আছে তার অর্ধেক দাবিদার নারী। অথচ নারী-পুরুষের সমতা এই অত্যাধুনিক যুগেও সম্ভব হয়নি। সমাজের প্রায় সকল ক্ষেত্রে নারী-পুরুষের অসমতা এবং বৈষম্য দেখা যায়, যা নারী কর্মীদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই নারী কর্মীদের শারীরিক ও মানসিক অবস্থার আলোকে কাজ করার সুযোগ-সুবিধা দিতে হবে এবং প্রতিটি নারীর জন্য সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।
মানসিক অসুস্থতা আমাদের চিন্তা, অনুভূতি ও কাজে প্রভাব ফেলে। মানসিকভাবে সুস্থ ব্যক্তি তাকেই বলবো যিনি তার নিজের গুরুত্ব ও সম্ভাবনা উপলব্ধি করতে পারেন, জীবনের স্বাভাবিক চাপ মোকাবিলা করে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন এবং শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্য অবদান রাখতে পারেন। তাই শুধু পরিবার নয়, দেশকে এগিয়ে নিতে হলে দরকার কর্মক্ষেত্রে সকলের মানসিক সুস্থতা আর এর জন্য প্রয়োজন কর্মক্ষেত্রে বঞ্চনা দূর করা ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা।
- ডা. ওয়ালিউল হাসনাত সজীব
- মনোরোগ বিশেষজ্ঞ, পাবনা মানসিক হাসপাতাল।

