প্রশ্ন: আমার নাম ছাইম আহাম্মেদ। আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। আমার সমস্যাটি হচ্ছে, আমি কিছুই মনে রাখতে পারি না। ধরুন, এখন ১০ মিনিট পড়লাম কিন্তু একটু পরেই তা আর খেয়াল থাকে না। কোনো কিছু করলে মনে থাকে না। কোনো এক জায়গায় কিছু রাখলে, কোথায় রেখেছি তা খেয়াল থাকে না। হ্যাঁ, আমি প্রচুর টেনশনে ভুগি। কারণ, আমার উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, ওজন ৪৯ কেজি ও বয়স ২৩ বছর। কোনো কাজ করি না, আমার শারীরিক গঠনও তেমন নেই। এখন আমি কী করলে এসব থেকে মুক্তি পাব। আমি আপনাদের কাছে পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক ডা. সুস্মিতা রায়: প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু লিখেছেন যে, কিছুই মনে রাখতে পারেন না বা খেয়াল থাকে না এবং প্রচুর টেনশনও করেন; তার মানে আপনি অমনোযোগিতায় ভুগছেন। অমনোযোগিতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন একই সঙ্গে কয়েকটি কাজ করা বা কোনো একটি কাজ করার সময় অন্য চিন্তা করা, অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি। আবার বিষণ্ণতা (Depressive disorder) কিংবা উদ্বিগ্নতাজনিত রোগ (Anxiety Disorder) এর একটি অন্যতম উপসর্গও হচ্ছে অমনোযোগিতা। আপনি প্রশ্নে আপনার শারীরিক গঠনও উল্লেখ করেছেন। তবে আপনার শারীরিক গঠন নিয়ে আপনি অসন্তুষ্ট কিনা তা আপনার লেখায় স্পষ্ট না। কাজেই বর্তমানে আপনি কোনো মানসিক চাপের মধ্যে আছেন কিনা, আপনার মধ্যে আর কোনো উপসর্গ আছে কিনা, কতদিন ধরে আপনি অমনোযোগিতায় ভুগছেন কিংবা কোনো বিশেষ ঘটনার পর শুরু হয়েছে কিনা ইত্যাদিসহ আরও বিস্তারিত ইতিহাস জানা প্রয়োজন। পাশাপাশি আপনার মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষারও বিশেষ প্রয়োজন আছে। এ অবস্থায় আপনার প্রতি পরামর্শ যে, আপনি অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। উনিই আপনার বিস্তারিত ইতিহাস, বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ও উপযোগী চিকিৎসা পরামর্শ দেবেন। এ ধরনের রোগ চিকিৎসায় সাধারণত ওষুধ, সাইকোথেরাপি ও রিলাক্সেশন ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আশা করি, প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আপনি দ্রুত সমস্যা কাটিয়ে উঠে পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইল।
- পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সুস্মিতা রায়
- অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট।

