প্রশ্ন: আমার মায়ের বয়স ৫৫ বছর। বাবা মারা গেছেন ৪ বছর আগে। আমরা ভাইবোনেরা সবাই সংসার ও চাকরির জন্য ঢাকাতে থাকি। মা বরিশালে থাকেন। একাই থাকেন বাড়িতে। উনি কারো কাজ পছন্দ করেন না, তাই কোনো বুয়াও রেখে দিতে পারি না। মাকে ঢাকায় আনতে চাইলেও তিনি আসতে চান না। বাবার কবর বাড়িতেই। বলেন বাবাকে বাড়িতে একা রেখে আসবেন না। আমরা তাকে অনেক বুঝিয়েও আনতে পারিনি। এদিকে তিনি একা বাড়িতে থাকাতে আমাদেরও সারাক্ষণ দুঃশ্চিন্তা হতে থাকে। যার ফলে আমাদের কাজেও মন বসাতে অসুবিধা হয়। আমরা চাই মাকে ঢাকা নিয়ে আসতে। এক্ষেত্রে আমরা কী করতে পারি?
নিলুফার ইয়াসমিন, বনানী, ঢাকা।
অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বলেছেন আপনার মায়ের বয়স ৫৫ বছর এবং আপনারা সবাই ঢাকায় থাকেন। তবে মাকে আগে কখনো ঢাকায় এনেছিলেন কিনা, তার উল্লেখ নেই এবং ঢাকার ভাইবোনদের সাথে সম্পর্ক কেমন তারও উল্লেখ নেই। তবে এখানে সমস্যাগুলো পর্যালোচলনা করলে দেখা যায় উনি শুচিবাই বা Obsessive Compulsive সমস্যা অথবা সাথে delusion-এ ভুগছেন। তবে Obsessive এর জন্য কিছু প্রশ্ন আছে, যেমন: কারো কাজ পছন্দ করেন না বা বুয়া রাখতে চান না? আর অন্য প্রশ্নগুলো হলো-একই চিন্তা বারবার আসে কিনা? বুয়ার কাজ কি পছন্দ না? বা কী কারণে পছন্দ না? ওয়াশরুমে কত সময় লাগে? বারবার হাত ধুতে থাকেন কিনা? আরেকটি ব্যাপার হলো-আপনি বলেছেন বাবা ৪ বছর আগে মারা গেলেও মা একাই সেখানে রয়েছেন। এখান থেকে মনে হয় তিনি এক ধরনের ভ্রান্ত বিশ্বাস (delusion)-এ ভুগছেন। মাকে বুঝিয়ে কাউন্সেলিংয়ের জন্য ঢাকায় আনার ব্যবস্থা করতে হবে। তার আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটিও দেখতে হবে চিকিৎসককে। এ ব্যাপারে মাকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখালে তিনি শারীরিক এবং মানসিক সমস্যা অ্যাসেসমেন্ট করে চিকিৎসা করলে যখন উপসর্গগুলি কমে আসবে তখন কাউন্সেলিং এর মাধ্যমে তাকে বুঝিয়ে মত পরিবর্তনের মাধ্যমে ঢাকায় রাখতে পারবেন। যার ফলে আপনাদের টেনশনও কমে আসবে।
- পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল
- মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শের-ই-বাংলা নগর, ঢাকা।

