বর্তমানে তথ্যপ্রযুক্তিনির্ভর যুগের এক অনবদ্য আবিষ্কার হচ্ছে স্মার্টফোন; পুরো পৃথিবীটা যেন এখন হাতের মুঠোয়। এর কল্যাণে স্মার্টফোনের সহজলভ্যতা ও বহুমুখী ব্যবহারের সুবিধা আমরা আমাদের সমাজের একটি বড়ো ও গুরুত্বপূর্ণ অংশ প্রবীণদের জীবনে কাজে লাগিয়ে তাদের জীবনকে গড়ে তুলতে পারি নিরাপদ ও আনন্দময়। সাধারণত যারা ৬০ বছরের বেশি বয়সি তাদেরকেই আমরা প্রবীণ বলে থাকি। বলতে পারি জীবনের শেষ বা তৃতীয় স্তর হলো প্রবীণ। এই সময়টায় প্রবীণদের মধ্যে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা একটি সাধারণ সমস্যা। তাই স্মার্টফোন হতে পারে এই সময় প্রবীণদের বিনোদন এবং স্বাস্থ্য সুরক্ষার হাতিয়ার। স্মার্টফোনের বহুমুখী ব্যবহারে প্রবীণদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারে।
প্রবীণদের জন্য বিনোদনের এক অনন্য উৎস স্মার্টফোন: বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে আমরা প্রবীণদের জন্য বিনোদনের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করতে পারি, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে। যেমন:-
ই–বুক ও অডিও–বুক: প্রবীণদের জন্য আমরা ই-বুক বা অডিও-বুকের ব্যবস্থা করতে পারি যার মাধ্যামে তারা যেকোনো সময় তাদের পছন্দনীয় বই পড়তে পারবে। অনেক সময় প্রবীণরা তাদের পছন্দনীয় বই হয়ত হাতের কাছে পান না। সেক্ষেত্রে ই-বুক হতে পারে এক সহজলভ্য বিনোদনের উৎস।
সামাজিক যোগাযোগ: প্রবীণদের মধ্যে সবচেয়ে বেশি একাকিত্ব দেখা যায়। এই সময়টাতে অনেকের ছেলেমেয়ে দূরে থাকার কারণে নিঃসঙ্গতা হয়ে উঠে নিত্যসঙ্গী। সেক্ষেত্রে এই স্মার্টফোনের মাধ্যমে ভিডিও কল, মেসেজিং অ্যাপস ও সামাজিক যোগাযোগ এর বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে পরিবারে সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যায়।
সংগীত শোনা: পড়ন্ত বিকেলে যখন জীবনের শেষ প্রান্তে এসে এক কাপ চা হাতে নিয়ে বেলকনির এক কোণে ছোটো চেয়ারটাতে বসে হয়ত অনেকেরই রবীন্দ্র কিংবা হেমন্তের কোনো গান মনে পড়ে গেল। সেই সময়টাতে এই ছোটো স্মার্টফোনের এক ক্লিকই স্মৃতিবিজরিত কোনো গান তার কানে পৌঁছে যাবে স্মৃতিবিজরিত কোনো সুরা।
ভিডিও দেখা: ইউটিউবে বিভিন্ন ধর্মীয়; ইনফর্মেটিভ ডকুমেন্টারি বা ভিডিও দেখতে পারে। যা তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টফোন: স্মার্টফোন হতে পারে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষার একটি সহজ মাধ্যম। স্মার্টফোনে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রবীণরা তাদের ওষুধ গ্রহণের সময়সূচি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য তথ্য সহজে পরিচালনা করতে পারে। এছাড়া স্মার্টফোনের আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে এর-মাধ্যমে রক্তচাপ গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করা যায়; যা একজন প্রবীণদের রোগ নিয়ন্ত্রণে সহায়ক। কিছু অ্যাপস আছে যা ব্যবহারে যেকোনো জরুরি পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদেরও এলার্ট করতে পারে, যেটা নিরাপত্তা নিশ্চিত করে।
Care Zone নামের একটি অ্যাপ স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণে সহায়তা করে। Meditation অ্যাপের মাধ্যমে আমরা প্রবীণদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি।
প্রবীণদের জন্য স্মার্টফোন ব্যবহার সহজতর করার উপায়
প্রবীণরা যাতে সহজে স্মার্টফোন ব্যবহার করতে পারে সেজন্য কিছু ব্যবস্থা নেয়া যেতে পারে। যেমন বড়ো ফন্টের সুযোগ করে দিলে প্রবীণদের জন্য লেখা পড়া এবং দেখা সুবিধা হবে। এছাড়া অনেকের জন্য হয়ত টাইপ করা কঠিন হতে পারে তাদের জন্য ভয়েস কমান্ড বা Google assistance এর ব্যবস্থা করে দিলে তাদের জন্য স্মার্টফোন চালানো আরও সহজ হবে। এছাড়া জরুরি তথ্য সংযোগের মাধ্যমেও তাদের জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার ব্যবস্থা করা যায়।
স্মার্টফোন প্রবীণদের জীবনে একটি শক্তিশালী হাতিয়ার যা সঠিক ব্যবহারের মাধ্যমে তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ব্যবহার মানসিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি না করে।
- ডা. ফাতেমা সুকাইয়া খান বিভোর
- এফসিপিএস প্রশিক্ষণার্থী (সাইকিয়াট্রি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, ঢাকা।

