এপ্রিল সংখ্যা ২০২৪ ম্যাগাজিন “বিবাহবিচ্ছেদ ” এর মনোসামাজিক অংশের কমেন্ট করেছেন
রওশন আরা পারভেজ
প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা; নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বিষয়ক মাস্টার ট্রেইনার।

নারী-পুরুষের একসাথে বৈধভাবে থাকার একমাত্র উপায় হচ্ছে বিয়ে। পক্ষান্তরে একসাথে থাকতে না চাইলে বা স্বামী-স্ত্রীর সকল বিষয়ে মতপার্থক্য বেশি হলে সেক্ষেত্রে উক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পন্থা হচ্ছে ডিভোর্স। ডিভোর্স বা বিবাহ-বিচ্ছেদ বিভিন্ন কারণে হতে পারে। দুজন ব্যক্তির মতের অমিল, ব্যস্ততা, নগরজীবনের চাপ, অসুস্থ যৌন সম্পর্ক, পিতামাতার হস্তক্ষেপ প্রভৃতি বিষয় দাম্পত্য সম্পর্কের উপর প্রভাব ফেলে। অর্থাৎ শুধু পিতামাতার হস্তক্ষেপ সংসার ভঙ্গের কারণ নয়; এর সাথে আরও অনেক বিষয় জড়িত। ছেলে এবং মেয়ে উভয়ের বাবা-মায়ের তাদের সন্তানরা যে বড়ো হয়েছে সেটা আগে বুঝতে হবে; যদি তারা অল্প বয়সেও বিয়ে করে, সন্তানদেরও যে নিজস্ব চিন্তা, মূল্যবোধ আছে সেটার প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে হবে। পিতামাতা যদি সন্তানদের বিষয়ে তাদের ধ্যান-ধারণা চাপিয়ে দেন তখন স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে একটা টানাপড়েন তৈরি হয় যেটা তারা বুঝতে পারেন না বা পারলেও এড়িয়ে যান। প্রকৃতপক্ষে একটি ছেলে এবং মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন উভয়পক্ষের উচিত তাদের দুজনকে সংসারের দায়িত্ব চাপিয়ে না দিয়ে প্রথমে দুজন দুজনকে বোঝার জন্য কিছুটা সময় দেয়া। ছেলের বাবা-মায়ের যেমন মেয়েটিকে ভালোবেসে আপন করে নেয়া উচিত ঠিক তেমনই মেয়ের বাবা-মায়েরও উচিত ছেলেটির উপর ভরসা রাখা এবং মেয়েটিকে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য সমর্থন করা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া। অহেতুক ছেলের বাবা-মায়ের যেমন ছেলে-বৌয়ের সম্পর্কের মধ্যে মাথা ঘামানো ঠিক না তেমনই মেয়ের বাবা-মায়েরও মেয়ের সংসারে কী ঘটছে সেটা নিয়ে মাত্রাতিরিক্ত মাথা ঘামানো ঠিক নয়। এতে দুটি পরিবারের সম্পর্ক যেমন নষ্ট হতে পারে তেমনই নব দম্পতির সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে সর্বোপরি, অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না।
বাচ্চারা ছোটো, তারা তাদের ভালো-মন্দ বুঝে না-এই ধারণা পোষণ করা অভিভাবকদের সকল ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। কেননা প্রতিটি মানুষই আলাদা, প্রত্যেকেরই নিজস্ব কিছু চিন্তা-ভাবনা আছে তার প্রতি সকলের শ্রদ্ধা দেখানো উচিত, অবমূল্যায়ন নয়। তাহলে প্রশ্ন জাগতেই পারে, অভিভাবকরা কি সন্তানের সংসারে কোনো ভূমিকা রাখতে পারবে না? উত্তর হচ্ছে অবশ্যই পারবে। তবে প্রত্যেককেই প্রত্যেকের বাউন্ডারি সম্পর্কে জানতে হবে। কেউ যাতে কারও পার্সোনাল স্পেসে অনুপ্রবেশ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতাই পারে একটি পরিবারকে বিনি সুতোর মালায় গেঁথে রাখতে।


