সুখ আসলে কী?
সে কি আলেয়া, নাকি মরীচিকা। সবাই বলে সোনার হরিণ। সে মায়াবী, মিথ্যা; আসলে কোনোদিনই পাওয়া হয় না। বরং তার পিছে ঘুরে হারাতে হয় অনেক কিছু। তবু “তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই”। সে এমনই “মনোহরণ, চপলচরণ” যে, কেমন যেন পেলাম একটু করে- কিন্তু বুঝতে না বুঝতেই হারিয়ে গেল। এই মনে হলো এসএসসি পরীক্ষাটায় ভালো একটা ফলাফল করলেই সুখী। কিন্তু কিছুদিন পরেই মনে হয় এইচএসসি তে ভালো না করলে এটা আবার এমন কি। এই মনে হলো ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পেলেই আর কোনো দুঃখ নেই জীবনে। কিন্তু, পাস করে ভালো চাকরি না পেলে আবার অসুখী। তাহলে কি দুঃখের অভাবই সুখ? কিন্তু, অনেক সময়েই তো কোন দুঃখ থাকে না মনে-তবু কেন মনটা সুখী হয় না? যেমন উচ্চপদে চাকরি, সাথে সুন্দর পারিবারিক জীবন, এবং অর্থবিত্ত-প্রতিপত্তি; তারপরেও কেন হঠাৎ সব ফাঁকা ফাঁকা লাগে? আবার দুঃখের মধ্যেও কেন সুখ সুখ লাগে?

ধরুন একটা অসম্ভব ভালো গান শুনলেন-মনের মধ্যে তীব্র হাহাকার সৃষ্টি হলো, জীবন-জগৎ সব নিরর্থক লাগছে-সবই মনে হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, অসার মনে হচ্ছে এই তীব্র অনুভূতি কীভাবে সহ্য করব, কীভাবে এরপরেও জাগতিক মোহে ভুলে বেঁচে থাকা যায়! কিন্তু এই তীব্র দুঃখ-এই দার্শনিক প্রশ্ন- যার কোনো সঠিক উত্তর নেই-সেটা ভাবতেও কেমন সুখ সুখ লাগে। যেভাবে ফোঁড়ার টনটনে ব্যথাটাও একসময় কেমন যেন আরাম আরাম লাগে। এটাই যদি হবে, তাহলে তো বলা চলে না, দুঃখের অভাবই সুখ। সুখ কি তবে ‘আহার-নিদ্রা-মৈথুন’ নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকা? সেটাকে তো মনীষীরা পশুর জীবন বলে অভিহিত করেন। অর্থাৎ, প্রকৃত সুখ সেখানে নেই। ‘অপ্রবাসে’-মানে নিজের বাড়িতে থেকে, ‘অঋণী’-মানে কারো কাছে ঋণগ্রস্ত না হয়ে, দুইবেলা শাকভাত খেয়ে জীবন কাটানোই কি তাহলে সুখ? সেক্ষেত্রে, প্রগতি-মানব সমাজের অগ্রগতি প্রভৃতি বড়ো বড়ো চিন্তার কি হবে? তাহলে কি বড়ো বড়ো চিন্তা বা আদর্শের বুলি বুকে ধারণ করে আজীবন কষ্টের মধ্যে থাকাটাই সুখ? নিজের জীবন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তি আনার মধ্যেই কি সুখ? সেটা কি নিজেকে প্রবোধ দিয়ে বোকা বানিয়ে রাখা নয়?
কারণ, আমি যতই নীতিকথা- তত্ত্বকথার সাধনা করে করে অনেক কষ্টে সুরের নন্দনকানন গড়ে তুলি না কেন-অস্ত্র কিংবা টাকার জোরে ঠিকই ন্যূনতম রুচিবোধহীন অসুর তা দখল করে ভোগ করবে আর আমাকেই উপহাস করে যাবে। উদাহরণ হিসেবেই বলি। যে নারীকে নিয়ে কেউ মনের গহীনে ভালোবাসা-প্রেমে তিলোত্তমা বানিয়ে রাখল, কবিতা-গানে অমরাবতী রচনা করে নিজেকে সুখী ভাবল; সেই নারীকে অর্থবিত্ত বা ক্ষমতার কারণে এমন একজন তার ঘরণী করে নীল, যার কাছে সে নিতান্তই সাধারণ-আর দশজন নারীর মতো। সবসময় এমনই হচ্ছে তা নয়-কিন্তু হচ্ছে তো অনেক ক্ষেত্রেই। ইতিহাস তো যেন এটাই বলে বারবার। সেক্ষেত্রে এই যে নীতি-নৈতিকতার মধ্যে বা সুকুমার বৃত্তির চর্চা করে সুখী থাকার চেষ্টা সেটা কি উটপাখির মতো মুখ গুঁজে ভালো থাকা নয়? তাহলে সুখ কোথায়? তবে কি নদীর ওপারেই সব সুখ? অর্থাৎ যে জীবনযাপন করতে পারছি না, সেখানেই সুখ? পড়াশোনায় পিছিয়ে পড়া অবস্থাসম্পন্ন ঘরের ছেলে ভাবছে- ক্লাসে প্রথম হতে পারলেই সুখ।
অন্যদিকে হয়ত প্রথম হওয়া ছাত্রটি দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে করতে ভাবছে, কি লাভ এত ভালো ফলাফল করে-যদি টাকার অভাবে জীবনে সুখই না পেলাম। তাহলে কোনোপাড়েই তো সুখ নেই, আসলে সুখ কোথায়? সুখ কি তাহলে সব একসাথে ঘটলেই, যেমন টাকাও থাকবে, আবার পরীক্ষায় প্রথম হবে। কিন্তু এমন ঘটনা ঘটে শতকরা কত ভাগের জীবনে? এখন অন্যভাবে যদি প্রশ্ন করা যায় যে গরীব এবং প্রথম হয় না কোনো পরীক্ষায়-তাহলে কি সে কোনোদিনই সুখী হতে পারবে না? অথচ, সত্যি হচ্ছে এই-এঁদের মধ্যে অনেকেও কিন্তু সুখের দেখা পেতে পারেন। বিজ্ঞজনেরা কী বলেন? এখানেও বিপত্তি। অনেকেই অনেক ভাবে সুখকে বা সুখী থাকাকে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ সুখকে বলতে চান মনের একটা অবস্থা হিসেবে, আবার কেউ বলেন এটা একটা ভালোভাবে চলতে থাকা জীবনকে বুঝায়। প্লেটো এবং তাঁর অনুসারীরা বলছেন নৈতিক জীবনযাপন করাতেই সুখ। এমনই হাজারো দর্শনের প্যাঁচে সুখকে খুঁজে পাওয়া আসলেই দুষ্কর।
দেখা যাক, সুখী হওয়ার উপকরণ কী কী? প্রথমেই আসে অর্থ বা টাকার কথা। গবেষণা বলছে খুবই নিম্নবিত্ত যারা তাঁদের ক্ষেত্রেই টাকা সুখের উপাদান। কিন্তু সেটা পূরণ হলে অর্থের সাথে সুখের সম্পর্ক ধীরে ধীরে কমতে থাকে। একটা সময় আসে যখন অর্থ মানুষকে স্বাচ্ছন্দ্যে বাঁচা নিশ্চিত করে, কিন্তু সুখী হয়ে বাঁচা নিশ্চিত করতে পারে না। মাসলোর চাহিদার সোপান তত্ত্বও তারই প্রতিধ্বনি করে যেন। দ্বিতীয়ত, আসে সুস্বাস্থ্যের কথা। স্বাস্থ্য ভালো থাকাটা সুখী হওয়ার জন্য অনেক বড়ো উপাদান। কিন্তু, সুস্বাস্থ্যও সুখ নিশ্চিত করতে পারে না। গবেষণা বলছে-অসুস্থ হয়ে চলাচলের শক্তি হারানো, অন্যের ওপর নির্ভরশীল এমন লোককেও সুস্থ মানুষের চেয়ে বেশি সুখী হতে দেখা গেছে।
গবেষণা বলছে-একটা উপাদানই সবক্ষেত্রে সুখী অনুভব করার নিয়ামক হিসেবে উঠে আসে। সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ। যে মানুষের সামাজিক যোগাযোগ যত বেশি, সে মানুষ তত বেশি সুখী। এই যোগাযোগটা কিন্তু হতে হবে সত্যিকারের সম্পর্ক, মজবুত সম্পর্ক। এ সম্পর্কের গভীরতা থাকবে আসলেই বেশি। তাই, এই সামাজিক যোগাযোগ শুধু ফেসবুকের বায়বীয় যোগাযোগ নয়, অথবা অনেক অনেক প্রাণহীন সম্পর্ক টেনে যাওয়া নয়। সম্পর্কের মান বা গভীরতা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর এতেই সবধরনের মানুষ দিনশেষে সুখী থাকে।
তাহলে তো সমাধান হয়েই গেল। এই ফর্মুলা মেনে চললেই সুখী হওয়া ঠেকায় কে? কিন্তু “সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না”। তাহলে সুখ খুঁজে পাব কীভাবে? গবেষণা বলছে সুখকে খুঁজতে গেলেই সুখ কমে যায়। ঠিক যেন এই গানটির মতো-“এঁরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায়, কেবলি মায়ার ছলনা”। সুখকে তাই আসলে খোঁজার দরকারই নেই।
সম্প্রতি অনুষ্ঠিত মনোরোগ বিশেষজ্ঞদের এক আন্তর্জাতিক সম্মেলনে আমাদের প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এস আই মল্লিক স্যার, যিনি একজন অঘোষিত দার্শনিকও, জীবন কী-সুখ কী এই শিরোনামে একটি মন্তব্য করেছিলেন। এক্ষেত্রে উনার গুণমুগ্ধ শিষ্য হিসেবে সেটি উল্লেখ করতে চাই তাঁর মতে, কিছু অর্জন করার নাম জীবন আর সেটা অন্যদের মাঝে বিলিয়ে দেয়াটাই সুখ। আর এই অর্জন করে বিলিয়ে দেয়াটাই বেঁচে থাকার কারণ বা উদ্দেশ্য। এখানে অর্জন বলতে প্রধানত ভাবগত বিষয়কেই বুঝানো হয়েছে, বস্তুগত অর্জন এখানে মুখ্য নয়। উনার কথাটিকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই। আমি উনার স্নেহধন্য হয়ে বা উনার কাছ থেকে শিক্ষা পেয়ে যা যা উপলব্ধি করেছি বা জ্ঞানপ্রাপ্ত হয়েছি তা আমি আমার ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতে চাই। এই যে
উনার কাছ থেকে কিছু উপলব্ধি অর্জন করা এটাই জীবন এবং সেটা আমার ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়াটাই সুখ। এভাবে নিতে থাকা আর দিতে থাকার মধ্যে পথ চলাটাই বেঁচে থাকার কারণ। কেউ কেউ এখানেও আপত্তি তুলতে পারেন। কারণ, এটা তো আসলে সুখ নয়, আনন্দকে বুঝাচ্ছে। সুখ তো ক্ষণিকের, শুধুই ইন্দ্রিয়কে তৃপ্তি দেয়া; ইংরেজিতে যাকে বলে ‘প্লেজার’। আর আনন্দ তো চিরস্থায়ী-মননের বিষয়, বোধের বিষয়-উপলব্ধির বিষয়। বলা হয়ে থাকে ইংরেজিতে নাকি আনন্দকে বুঝানো যায় না, শুধু ‘হ্যাপিনেস’ দিয়ে বুঝানোর চেষ্টা করা যায়। আর তাই সুখে অল্পতেই অবসাদ আসে, আরো বেশি চাই, আরো তীব্রভাবে চাই, আরও অন্যভাবে চাই এই রব তুলে দিনশেষে হতাশ করে। অন্যদিকে আনন্দ মানুষের বোধকে এমন স্তরে নিয়ে যায় কোনো কিছুতেই তার আর হেলদোল হয় না। সুখের পিছনে ঘোরাঘুরি তাই সোনার হরিণের পিছনেই যেন ঘুরে মরা। আর আনন্দপথের পথিক শুধু পথ চলাতেই আনন্দ খুঁজে পায়। সে পথে রৌদ্র খেলুক বা নিয়ে পথ চলে। সে যে কবির মতোই জানে-ছায়া, বর্ষা আসুক বা বসন্ত সবকিছুতেই সে আনন্দ
“রাহ রাঁঙা রা খাস্তাগি য়ে বাহ নিস্ত ইশক হম রাহ আস্ত ও হাম খোদমনজিল আস্ত” অর্থাৎ, যারা এই পথে চলে তারা কখনো ক্লান্তি জানে না। কারণ এ পথ একই সঙ্গে পথ ও গন্তব্য।
ডা. পঞ্চানন আচার্য্য
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।


