বাংলাদেশে পারিবারিক ও সিস্টেমিক মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে সিস্টেমিক ও ফ্যামিলি থেরাপি ওয়ার্কিং গ্রুপ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে গত ৪ ডিসেম্বর ‘ফ্যামিলি থেরাপি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (FTAB)’ গঠনের ঘোষণা দিয়েছে। দেশের পরিবারভিত্তিক মানসিক স্বাস্থ্য হস্তক্ষেপকে প্রাতিষ্ঠানিক, সমন্বিত এবং মানসম্মত করার দিকে এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশে পরিবার-কেন্দ্রিক থেরাপি এখনও কাঠামোগতভাবে বিকাশমান একটি ক্ষেত্র। এ কারণে গুণগত মান নিশ্চিত করতে এবং দক্ষ পেশাদার তৈরি করতে একটি সংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বক্তারা পারিবারিক থেরাপির উন্নয়নে দক্ষ থেরাপিস্টের সংখ্যা বাড়ানো সহ নতুন প্রশিক্ষণার্থীদের সক্রিয়ভাবে যুক্ত করা ও প্রশিক্ষণ–সুপারভিশন প্রক্রিয়াকে আরও সমন্বিত ও মানসম্মত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, FTAB দেশের পারিবারিক থেরাপিস্টদের জন্য জ্ঞান-বিনিময়, গবেষণা, নৈতিক অনুশীলন এবং ক্রমাগত পেশাগত শিক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
নতুন গঠিত ফ্যামিলি থেরাপি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (FTAB)-এর কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে:
- সভাপতি : ড. মো. জহির উদ্দিন
- সাধারণ সম্পাদক : সাবিহা জাহান
- কোষাধ্যক্ষ : মোছাঃ নাজমে আরা বেগম
- অতিরিক্ত সাধারণ সম্পাদক : জোহরা পারভীন
- সদস্য : ড. কামরুজ্জামান মজুমদার, হোসনে আরা বেগম, ড. তরুণ কান্তি গায়েন, রুবিনা জাহান
নবগঠিত FTAB ঘোষণা করেছে যে তারা—
- দেশে পারিবারিক থেরাপি অনুশীলনকে কাঠামোবদ্ধ করবে,
- প্রশিক্ষণ ও সুপারভিশন আরও শক্তিশালী করবে, এবং
- পরিবারভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
এর মাধ্যমে বাংলাদেশের পরিবারগুলো আরও উন্নত, পেশাগত এবং বৈজ্ঞানিক ভিত্তিক মনস্তাত্ত্বিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।
আরও দেখুন-

