বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডা. সাইফুন নাহার। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় তাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ জুলাই অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্তের পর ১৮ আগস্ট বিসিপিএস কর্তৃপক্ষ অধ্যাপক ডা. সাইফুন নাহারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে চিঠি প্রদান করে। গত জুলাই মাস থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।
বর্তমানে অধ্যাপক ডা. সাইফুন নাহার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকার পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান দায়িত্বের পাশাপাশি তিনি এখন বিসিপিএসের ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারির দায়িত্বও পালন করবেন।
মনোনয়নসংক্রান্ত চিঠিতে বিসিপিএস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির কার্যক্রমে অধ্যাপক ডা. সাইফুন নাহারের সক্রিয় অংশগ্রহণ ও অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং এর মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সহায়ক ভূমিকা রাখবে।



