শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ৮ এপ্রিল রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে এক বিশেষ ‘মেন্টাল ওয়েলবিয়িং কর্মশালা’ পরিচালনা করেছে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (BPCL)। অত্যন্ত কার্যকর এই কর্মশালাটিতে স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (BPCL)-এর ক্লিনিক্যাল লিড ও কনসালট্যান্ট এবং বিশিষ্ট শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ফেরদৌস (এমবিবিএস, এমডি – বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের সচেতনতা বিষয়ক কর্মশালা করতে গিয়ে আমার একটি দারুণ অভিজ্ঞতা হয়েছে। স্কুলের কিশোর বয়সী ছাত্র-ছাত্রীরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে বেশ আগ্রহী ছিল এবং তারা অত্যন্ত স্মার্ট ও যুগোপযোগী ধারণা রাখে। কর্মশালা শেষে তাদের অভিজ্ঞতাও ছিল খুবই ইতিবাচক। তারা পুরো কর্মশালাজুড়ে উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করেছে, প্রশ্ন করেছে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে। তাদের এই কৌতূহল ও আগ্রহ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও সচেতনতার উপর গুরুত্বারোপ করে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হওয়া সেশনগুলোর বিষয়বস্তু হলো –
- সেশন ১: মানসিক স্বাস্থ্যের গুরুত্ব
- সেশন ২: মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক কাউন্সেলিং সম্পর্কে সচেতনতা
- সেশন ৩: অভিভাবক-সন্তান সম্পর্ক উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
- সেশন ৪: পড়াশোনায় প্রেরণা ও অধ্যয়ন দক্ষতা উন্নয়ন
- সেশন ৫: রাগ নিয়ন্ত্রণ ও আত্ম-ক্ষতি (Self-harm)
- সেশন ৬: স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ (ইন্টারনেট ও গেমিং)
বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের একটি ভারসাম্যপূর্ণ, সুস্থ ও আত্মবিশ্বাসী জীবন গড়তে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন:



